তৃতীয় দফার লকডাউনের মেয়াদ প্রায় শেষের মুখে। কিন্তু এখনই লকডাউন সম্পূর্ণরূপে বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সূত্রের খবর, আগামী ৩১শে মে পর্যন্ত বর্ধিত হতে চলেছে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ। তবে এক্ষেত্রে লকডাউনের সংজ্ঞার কিছু পরিবর্তন ঘটতে চলেছে। বাড়ানো হবে ছাড়ের মাত্রাও। রেড জোনেও শর্তসাপেক্ষে অনেক কিছুই চালু হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে রাজ্য সরকারগুলির কাছে পরামর্শ চেয়েছিল কেন্দ্র। এবার সেই মতামত অনুযায়ীই রবিবার বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কেন্দ্র।
জেনে নিন কোন কোন ক্ষেত্রে মিলতে পারে ছাড়? সূত্রের খবর –
●রেড জোনে নিষেধাজ্ঞা খানিক শিথিল করার পক্ষে কেন্দ্র সরকার।
●সামাজিক দূরত্ব মেনেই অফিসগুলি চালু করা হতে পারে। ১৫ বা ২৫ শতাংশ কর্মীর বদলে সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মীকে কাজ যোগ দেওয়ার নির্দেশ জারি করা হতে পারে।
●বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাব পরিষেবার ক্ষেত্রেও মিলবে ছাড়।পাশাপাশি চালু হতে পারে অটোরিক্সাও। তবে সব ক্ষেত্রেই সংক্রমন এড়াতে যাত্রীসংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ একই থাকবে।
●শর্তাধীন আন্তঃদেশীয় বিমান পরিষেবাও চালু হতে পারে।যদিও দুই রাজ্যের অনুমতি মেলে তবেই তা চালু করা সম্ভব। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্যগুলি।
●রেড জোনে অবশ্য মেট্রো পরিষেবা বন্ধই থাকবে। তবে অন্যত্র চালু হবে কি না, তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া বাকি।
●এছাড়া অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণের পাশাপাশি অন্যান্য পণ্য পরিবহণের ক্ষেত্রেও ছাড় মিলতে পারে।
● পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মকে আরও সক্রিয় করা হবে বলে জানা গেছে।
●কন্টেনমেন্ট জোন নিয়েও আলাদাভাবে কিছু বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
তবে সবটাই স্পষ্ট হবে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই।
তৃতীয় দফার লকডাউনে দেশের অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিছু ক্ষেত্রকে লকডাউনের আওতার বাইরে রেখে কাজের আওতায় আনা হয়েছিল। চতুর্থ দফার ক্ষেত্রে সেই ছাড় আরও কতটা বাড়ানো হবে সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।






