আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে রবিবারের মধ্যেই বঙ্গোপসাগরে অবস্থিত গভীর নিম্নচাপ রবিবার রাতের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। আগামী সপ্তাহতেই পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় আমফান। শনিবার সকালে আলিপুরের এই পূর্বাভাসের পরই রাজ্যজুড়ে সতর্কতা এবং আগাম প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে উপকূলবর্তী ২ জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার সাইক্লোন সেন্টারগুলিতে করোনা সংক্রমন এড়াতে উপযুক্ত ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গেই এলে শেষ মুহূর্তে মানুষকে সেখানে আশ্রয় দিতে হতে পারে, এই লক্ষ্যেই আগে থেকে প্রস্তুতি নিচ্ছে রাজ্য।
পূর্ব মেদিনীপুরের কাঁথির মহকুমা শাসক শুভময় ভট্টাচার্য বলেছেন, ‘করোনা জেরে এই প্রথমবার মাস্ক ও স্যানিটাইজারের মতো জিনিস সাইক্লোন সেন্টারে মজুত করতে হচ্ছে। সেখানে হাজার হাজার মানুষ রাত কাটাবেন। সেখান থেকে যেন সংক্রমন না ছড়ায় এটাই আমাদের লক্ষ্য।’
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বিডিও দিব্যেন্দু সরকার বলেন, ‘ঘূর্ণিঝড়ে প্রাণহানি এড়াতে নিচু এলাকাগুলিতে সাইক্লোন সেন্টারের ব্যবস্থা করা হচ্ছে। করোনা সংক্রমণের আশঙ্কা থাকায় সেখানে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি মেনে চলতে হবে। সেখানে ৫০০-৮০০ মাস্ক ও ২০০ বোতল স্যানিটাইজার মজুত হয়েছে। সরকার ইতিমধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছে। যাদের মাস্ক নেই শুধুমাত্র তাদেরই দেওয়া হবে।সেজন্য আমরা সাইক্লোন সেন্টারের সংখ্যা বাড়াচ্ছি।
ভিড় এড়াতে বিভিন্ন স্কুলেও সাইক্লোন সেন্টারের ব্যবস্থা করা হচ্ছে। আপাতত রাজ্যজুড়ে স্কুল বন্ধ থাকায় কোনও প্রভাব পড়বে না।’ কন্টাই মহকুমায় প্রায় ১৬ লক্ষ মানুষের বাস। বুলবুলের সময় ৪৫,০০০ মানুষকে সরাতে হয়েছিল। কাকদ্বীপে ১১টি সাইক্লোন সেন্টারের সঙ্গে ৬৪ স্কুল ভবনকে আশ্রয় কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে।
সোম থেকে বুধবার পর্যন্ত ওড়িশা উপকূল ধরে ঝড়টি এগোবে পশ্চিমবঙ্গের দিকে। সম্ভবত বুধবার দুপুরে পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত করবে আমফান। দুর্যোগের মোকাবিলায় ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। যে সব জেলেরা সমুদ্রে গিয়েছেন তাঁদেরও সোমবারের মধ্যে ফিরে আসার সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিসের বরিষ্ঠ আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ’২০ মে বেশ কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সঙ্গে ঘণ্টায় ৯৫ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে।’





