তিনি দক্ষ অভিনেত্রী। জাত শিল্পীও বলতে পারেন। বিভিন্ন বড় বড় পরিচালকের সঙ্গে তাঁর কাজ তা বুঝিয়ে দেয়। অতঃপর হঠাৎই অভিনয় ছেড়ে যোগদান রাজনীতিতে। কিন্তু সেখানেও তিনি সফল। জনপ্রতিনিধি হয়ে দেশের সংসদ ভবনে পদার্পণ। এবার নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। স্বাধীনতা দিবসের আগে স্বকণ্ঠে রেকর্ড করলেন দেশের জাতীয় সংগীত। তাঁর সুরেলা, আবেগমাখা কণ্ঠে ‘জন গণ মন’ শুনে মন মজেছে জনতার।
কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। সফলভাবে যুদ্ধে জিতে ফিরেছেনও তিনি। একসঙ্গে অনেকগুলো সাফল্য। উনিশের লোকসভা ভোটে সাংসদ নির্বাচিত হওয়া, মহিলা মোর্চার সভানেত্রী, বঙ্গ বিজেপির অন্যতম সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্তি – রাজনৈতিক কেরিয়ারে পরপর কয়েকটি সাফল্য যেন আরও আত্মবিশ্বাসী করে তুলেছে লকেট চট্টোপাধ্যায়কে। আর এরই মধ্যে দল ও জনগণের বিপুল দায়িত্ব সামলে এবার রেকর্ড করে ফেললেন গান। তাও আবার জাতীয় সংগীত।
সূত্রের খবর, আপাতত তিনি দিল্লিতে। সেখান থেকেই রেকর্ড করেছেন ‘জন গণ মন’।





