১৫ই আগস্ট। ভারতবর্ষের স্বাধীনতা দিবস। বাংলা সহ সমগ্র দেশে এই দিনটি ধুমধাম সহকারে পালন করার কথা। কিন্তু এই বছরটা অন্যান্য বছরগুলোর তুলনায় কিছুটা আলাদা। করোনা পরিস্থিতির ভয়াবহতার সামনে সমস্ত আনন্দ অনুষ্ঠানই তুচ্ছ।
আর তাই চলতি বছরের স্বাধীনতা দিবসে বাংলায় রেড রোড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবর্ধনা দেবেন ডাক্তার-নার্স থেকে সাফাইকর্মী, লড়াইয়ের একেবারে প্রথম সারিতে থাকা ২৫ জন কোভিড-যোদ্ধাকে। সেই সম্মান জানাতে গাওয়া হবে মুখ্যমন্ত্রীর নিজের লেখা গান।
রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলার স্বনামধন্য শিল্পীগণ দেবজ্যোতি বসু, রূপঙ্কর বাগচি, মনোময় ভট্টাচার্য, দিশা রায়, লোপামুদ্রা মিত্র এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন সমবেত কণ্ঠে গাইবেন মুখ্যমন্ত্রীর লেখা গান ‘করোনা চলে যাবে যাবে একদিন, কোভিড যোদ্ধাদের মনে রেখো…’। নামের একটি গান।
চলতি বছরে খুব ছোট করে সতর্কতার সঙ্গে রেড রোডে পালন করা হবে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান। সেই সমত ব্যবস্থাপনা ঠিক আছে কিনা তা বৃহস্পতিবার ক্ষতিয়ে দেখে এসেছেন রাজ্যের স্বরাষ্ট্র এবং তথ্য ও সংস্কৃতি সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আর কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।
শনিবার পতাকা উত্তোলনের পাশাপাশি শান্তি ও সম্প্রীতির বার্তা হিসেবে ওড়ানো হবে সাদা পায়রা। নিরাপত্তার চাদরে ইতিমধ্যেই মুড়িয়ে ফেলা হয়েছে রেড রোডকে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। চলতি বছরে হবে না বেশী লোকসমাগম। তবে তা হলেও স্বাধীনতা দিবস উপলক্ষে যারা আসবেন তাঁদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।





