Lucknow : বিশ্বে নবাবি স্বাদের জয়ধ্বনি! ইউনেস্কোর ‘সৃজনশীল শহর’-এর শিরোপা পেল লখনউ, গর্বে উজ্জ্বল ভারত!

নবাবি ঐতিহ্যের শহর লখনউ। নাম শুনলেই মনে আসে গালৌটি কাবাব, আওয়াধি বিরিয়ানি কিংবা রাস্তার ধারে গরম গরম চাট। একদিকে ইতিহাস ও সংস্কৃতির শহর, অন্যদিকে খাবারের অনন্য স্বাদে ভরপুর এই জনপদকে এবার বিশ্বের সামনে বিশেষ মর্যাদা দিল ইউনেস্কো। শতাব্দী প্রাচীন ঐতিহ্য, রন্ধন সংস্কৃতি আর স্বাদের ঐশ্বর্যই এই শহরকে পৌঁছে দিল এক নতুন উচ্চতায়।

সম্প্রতি বিশ্বের ৫৮টি শহরকে ‘Creative Cities Network’-এর অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কো। এর মধ্যে লখনউ পেয়েছে ‘Creative City of Gastronomy’— অর্থাৎ ‘সৃজনশীল উত্তম ভোজনবিলাসের শহর’-এর মর্যাদা। এই তালিকায় নাম উঠতেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে গোটা উত্তরপ্রদেশে। লখনউয়ের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন বার্তার ঢল নামে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, “লখনউ যেন প্রাণবন্ত সংস্কৃতির সমার্থক। যার কেন্দ্রে রয়েছে এক দুর্দান্ত রন্ধন ঐতিহ্য। আমি আনন্দিত যে ইউনেস্কো লখনউয়ের এই দিকটিকে স্বীকৃতি দিয়েছে।” মোদির বার্তায় স্পষ্ট, শুধু রাজ্যের নয়, ভারতের গৌরব বাড়িয়ে তুলেছে এই স্বীকৃতি। তাঁর মতে, এ স্বীকৃতি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকেও বিশ্ব দরবারে পৌঁছে দেবে।

উত্তরপ্রদেশ সরকারের তরফে পরিবহণ ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং বলেন, “রন্ধন সম্পর্কীয় পর্যটন প্রজন্মের পর প্রজন্ম ধরে উত্তরপ্রদেশে পর্যটকদের আকর্ষণ করে আসছে। এই বিশ্বব্যাপী স্বীকৃতি আগামী দিনে উত্তরপ্রদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।” তাঁর মতে, এই অর্জন শুধু লখনউ নয়, সমগ্র রাজ্যের অর্থনীতি ও পর্যটনের উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে।

আরও পড়ুনঃ Minor harassment: টিউশনের পথে কিশোরীকে অপহ*রণ, বস্তিতে নৃশংস গণ*ধর্ষণ! ফের উত্তাল শহর, উঠছে নারী নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন!

লখনউয়ের খাবারের ঐতিহ্য যেমন পুরনো, তেমনই তা আজও সমান জনপ্রিয়। রাস্তার চাট থেকে নবাবি কাবাব— প্রতিটি পদেই মিশে আছে ইতিহাস ও স্বাদের গল্প। ইউনেস্কোর এই স্বীকৃতি প্রমাণ করল, সংস্কৃতি ও স্বাদের সমন্বয়ে লখনউ আজও অনন্য। শহরবাসীর আশা, এই মর্যাদা ভবিষ্যতে লখনউকে বিশ্বমানের ‘ফুড ডেস্টিনেশন’-এর আসনে পৌঁছে দেবে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles