মধ্যপ্রদেশের রাজনীতির নাটকে নয়া মোড়! বিধায়ক পদে ইস্তফা দিলেও দল ছাড়তে নারাজ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-ঘনিষ্ঠ ১২ কংগ্রেস বিধায়ক। বুধবার একথা জানিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখাও করেন ওই বিধায়কেরা। এরপরই তাঁদের ভোপাল থেকে উড়িয়ে জয়পুরে পাঠানো হয়।
অন্যদিকে, সরকার ধরে রাখতে মরিয়া কমল নাথ পদত্যাগী আরও ১৯ বিধায়ককে বেঙ্গালুরুতে নিয়ে গিয়ে হোটেলবন্দি করেছেন। তাঁদের মানভঞ্জন করতে দুই মন্ত্রীকেও সেখানে পাঠিয়েছেন তিনি। সবমিলিয়ে, সরকার ধরে রাখার ব্যাপারে এখনও আত্মবিশ্বাসী কমল নাথ।
একদিকে কংগ্রেস যখন গড় বাঁচাতে মরিয়া, তখন নতুন করে ঘর সাজাতে ব্যস্ত গেরুয়া শিবির। মঙ্গলবার রাতেই বিজেপি বিধায়কদের ভোপাল থেকে উড়িয়ে এনে গুরুগ্রামে মানেসরের হোটেলে রেখেছেন। তাঁদের সঙ্গে বেশ কয়েক দফায় বৈঠকেও বসেছেন বিজেপির পরিষদীয় দল। শেষপর্যন্ত কার জয় হয়, সেটা দেখার অপেক্ষায় এখন মধ্যপ্রদেশ-এর জনতা!





