ইলেকট্রিক দপ্তরের গোলমালের কারণে মাঝেমধ্যেই ভুল আসে আমাদের ইলেকট্রিক বিল। কিন্তু একমাসের বকেয়া বিল ৩ হাজার কোটি! শুধু তাই নয়, বিলের এই অঙ্ক দেখে অসুস্থই হয়ে পড়লেন প্রবীণ গৃহকর্তা।
ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের গোয়ালিওর শহরের শিব বিহার কলোনির এলাকায় এক পরিবারে। প্রিয়াঙ্কা গুপ্তার নামে এসেছিল বিল। ক’দিন আগেই জুলাই মাসের বিদ্যুতের বিল পান তাঁরা। সেখানে দেখা যায় বকেয়া বিলের পরিমাণ ৩৪১৯ কোটি টাকা। প্রিয়াঙ্কা গুপ্তা’র বিশাল অঙ্কের এই বিল দেখেই অসুস্থ হয়ে পড়েন।
এরপর রাজ্য বিদ্যুৎ দপ্তরে গিয়ে অভিযোগ জানান প্রিয়াঙ্কা’র স্বামী সঞ্জীব। তারপরই নতুন সংশোধিত বিল পাঠানো হয়। যেখানে দেখা গেছে তাদের চলতি মাসে বিল হয়েছে মাত্র ১৩০০ টাকা।
ঘটনায় বিদ্যুৎ বিতরণ কোম্পানির জেনারেল ম্যানেজার নিতিন মাঙ্গলিক স্বীকার করেন, তাদের কর্মীদের ভুলের কারণেই বিশাল অঙ্কের বিল পাঠান হয়েছিল। তিনি জানিয়েছেন, ‘বিল তৈরির সময় এক কর্মী ভুল করে ইউনিট কনজিউমের জায়গায় কনজিউমার নম্বর বসিয়ে দেন। যার জেরে টাকার অঙ্ক ওই পরিমাণে পৌঁছায়। পরে ১৩০০ টাকার বিল পাঠানো হয়েছে পরিবারটিকে।’





