মহুয়ার অসম্মান হয়নি, মানহানির মামলা খারিজ করতে হাইকোর্টে বাবুল সুপ্রিয়

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra) বনাম কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়’র (Babul Supriya) আইনি লড়াই এবার বিতর্কের দিকে এগোচ্ছে। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ তৈরি করেছে কিছুদিন আগেই। বৃহস্পতিবার এই বিশেষ বেঞ্চে প্রথম মামলার শুনানি হলো। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তাঁর বিরুদ্ধে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র’র দায়ের করা মানহানির (Defamation) মামলা খারিজ করার আবেদন জানিয়েছিলেন এই বেঞ্চে। বৃহস্পতিবার এই বেঞ্চের বিচারপতি বিবেক চৌধুরির এজলাসে এই মামলার শুনানি হয়।

বাবুল সুপ্রিয়র আইনজীবী অয়ন ভট্টাচার্য দাবি করেন, বেসরকারি টিভি চ্যানেলের টক শো’ চলাকালীন বাবুল সুপ্রিয় যে মন্তব্য করেছিলেন তা কখনোই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সম্মানহানি ঘটায়নি। তাই তার করা মানহানির মামলা কোনভাবেই গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।
এরপর বিচারপতি আগামী ৩০ তারিখে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

যদিও এই অভিযোগ বেশ পুরনো। তৃণমূল সাংসদের দাবি আজ থেকে ২ বছর আগে বেসরকারি সর্বভারতীয় এক টেলিভিশন চ্যানেলের একটি টকশোতে তাকে উদ্দেশ্য করে বাবুল সুপ্রিয় অশালীন মন্তব্য করেছিলেন। সেই সময় মহুয়া আলিপুর থানার এই নিয়ে অভিযোগ দায়ের করেন এবং এর ভিত্তিতে বাবুল সুপ্রিয়কে এর আগে দু’বার আলিপুর থানার পুলিশ ডেকে পাঠায় কিন্তু তিনি হাজির হননি।

এরপরেই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে আলিপুর আদালতে চার্জশিট পেশ করে পুলিশ এবং চলতি বছরের মার্চ মাসের ১০ তারিখে আদালত বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।

সেই গ্রেফতারি এড়াতে বাবুল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি জয়মাল্য বাগচি আলিপুর আদালতের নির্দেশে স্থগিতাদেশ জারি করেন। কিন্তু মহুয়া মৈত্র’র দায়ের করা অভিযোগের নিষ্পত্তি এখনও হয়নি ফলে এখনও চিন্তায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এই মামলা থেকে অব্যাহতি পেতে ফের আর একবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বাবুল।

RELATED Articles

Leave a Comment