করোনোয় দেশে তথা রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। একদিকে কিছু মানুষ সুস্থ হয়ে উঠছেন অন্যদিকে কিছু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এবার রাজ্যে করোনার জেরে দ্বিতীয় মৃত্যু হল। ৪৪ বছরের ওই মহিলা ছিলেন উত্তরবঙ্গের কালিম্পঙের বাসিন্দা। রবিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।
ওই মহিলার সংক্রমনের ইতিহাস ঘেঁটে জানা গেছে তিনি চেন্নাইয়ে গেছিলেন মেয়ের চিকিৎসার জন্য। গত ১৬ মার্চ তিনি চেন্নাই থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন। তারপর স্থানীয় ভাবেই তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু অসুস্থতা দিন দিন বাড়তে থাকে। এরপর শারীরিক অসুস্থতায় প্রবল শ্বাসকষ্ট দেখা দেয়।
তারপরেই গত ২৫শে মার্চ প্রবল শ্বাসকষ্ট নিয়ে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাসের সব রকম লক্ষণই থাকায় তাঁর নমুনা নাইসেডে পাঠানো হয় এবং রিপোর্টও পজিটিভ আসে। কিন্তু কোনও চিকিৎসাতেই সাড়া দিচ্ছিলেন না তিনি। ক্রমে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রবিবার রাত ২টো নাগাদ তাঁর মৃত্যু হয়েছে।






