মোদীর আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন মমতা, বৈঠকে ফের মুখোমুখি প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, রাজ্যের দাবীদাওয়া আলোচনা হওয়ার সম্ভাবনা

চলতি বছরের শেষেই ফের মুখোমুখি বৈঠকের (meeting) সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে। সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ডাকা বৈঠকে যোগ দেওয়ার জন্য ডিসেম্বরের শুরুতেই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার জি-২০’র সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। সেই বিষয়ে নানান কর্মসূচি নিয়ে আলোচনার জন্য সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আগামী ৫ই ডিসেম্বর রয়েছে এই বৈঠক। সেই বৈঠকের আমন্ত্রণেই দিল্লি (Delhi) যাবেন মমতা।

এই মুহূর্তে রাজ্যের পাওনা মেটানোর দাবীতে কেন্দ্রের সঙ্গে রাজ্যের একপ্রকার সংঘাত চলছে বলা যেতে পারে। এর আগের দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আগেই ১০০ দিনের কাজের বকেয়া মিটিয়ে ফেলার আর্জি জানিয়েছিলেন মুখ‌্যমন্ত্রী।

কিন্তু, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের দীর্ঘদিন কেটে গেলেও ওই প্রকল্প বাবদ বকেয়া টাকা পাঠায় নি কেন্দ্র। কিছুদিন আগেও এসব নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এরই মাঝে গত বৃহস্পতিবার গ্রাম সড়ক যোজনার টাকা মঞ্জুর হয়েছে। ওই প্রকল্পের ৫৮৪ কোটি টাকা পাবে রাজ্য।

এরই মধ্যে এবার দিল্লির বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেলেন মমতা। এই বিষয়টিতে আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে, তাই এই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এর আগে যখন তিনি দিল্লি সফরে যান, সেই সময় এই কর্মসূচির জন্য প্রধানমন্ত্রীকে আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা। জানা যাচ্ছে, এই বৈঠকের মাঝে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠকের আবেদন জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে রাজ্যের বকেয়া টাকার দাবী তুলতে পারেন তিনি।

আবার নভেম্বরের শেষের দিকে সুন্দরবন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ২৯শে নভেম্বর গোসাবার কাছারি ময়দানে সভা রয়েছে তাঁর। সেদিন রাতে সজনেখালি বনবাংলোয় থাকবেন মমতা। এর পরদিন অর্থাৎ ৩০শে নভেম্বর সুন্দরবনের বাঁধগুলি পরিদর্শনে যেতে পারেন তিনি। তবে এখনও পর্যন্ত কর্মসূচি চূড়ান্ত হয়নি।

RELATED Articles