যশবন্ত সিনহার হার নিশ্চিত জেনে উল্টো সুর মমতার গলায়, ‘দ্রৌপদী মুর্মুর জেতার সম্ভাবনা বেশি, বিজেপি আগে জানালে ভেবে দেখতাম’, বললেন মুখ্যমন্ত্রী

রথযাত্রার (Rath Yatra) দিন রাষ্ট্রপতি নির্বাচনের (President Election) প্রার্থী নিয়ে বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন ইসকনের মন্দিরে রথের উৎসবের উদযাপন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করে দেন যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থীর নাম বিজেপি (BJP) যদি আগে জানাত, তাহলে তিনি ভেবে দেখতেন। তিনি এও জানান যে রাজনৈতিক পরিস্থিতি যা তৈরি হয়েছে, তাতে দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) জেতার সম্ভাবনা বেশি।

এদিন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আদিবাসীদের প্রতি আমাদের সবার সেন্টিমেন্ট রয়েছে। বিজেপি যদি আগে জানাত যে তারা একজন আদিবাসী অংশের কাউকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করবে তাহলে সবকটা বিরোধী দল একসঙ্গে বসে আলোচনা করা যেত। কিন্তু ওরা আমাদের ফোন করে শুধু আমাদের সাজেশনটা জানতে চেয়েছিল। ওদের সাজেশনের বিষয়ে কিছু বলেনি”।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “বৃহত্তর স্বার্থে সহমতের ভিত্তিতে একজন প্রার্থী হলে দেশের মঙ্গল হতো। আমি এখন একা কিছু করতে পারব না। যা সিদ্ধান্ত নেওয়ার ১৭টি দল মিলে নেবে”। মমতা একরকম এটাই বোঝাতে চান যে ১৭টি দল একসঙ্গে বসে যশবন্ত সিনহার নাম চূড়ান্ত করেছে। মমতার কথায়, অন্য কোনও সিদ্ধান্ত যদি নিতেই হয়, তাহলে একসঙ্গে বসেই নেবে।

মমতা এদিন এও স্পষ্ট জানান যে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহা ও দ্রৌপদী মুর্মুর মধ্যে লড়াই হবে কী না, তা বিরোধীদের সম্মিলিত মঞ্চ স্থির করবে। মমতা এও জানান যে তিনি একা এই অবস্থান থেকে পিছনে সরবেন না।

বলে রাখি, রাষ্ট্রপতি নির্বাচনের জুন্য বিরোধী প্রার্থী ঠিক করার বিষয়ে প্রথম বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। সেই বৈঠকে শরদ পাওয়ার ও ফারুক আবদুল্লার নাম প্রস্তাব করা হয়। কিন্তু তারা দু’জনেই রাজি না হওয়ায় দ্বিতীয় বৈঠক ডাকা হয়। আর সেই বৈঠকে ১৭টি দল মিলে যশবন্ত সিনহার নাম চূড়ান্ত করা হয়। এবার দেখার পালা আদিবাসী সেন্টিমেন্টের জিত হয় নাকি ১৭টি বিরোধী দলের।

আরও অন্যান্য খবর