‘আমাদের অনেক চিন্তাধারাই বামপন্থীদের মতো’, দাবী আরএসএস সাধারণ সম্পাদক দত্তত্রেয় হোসাবলের

গতকাল, শুক্রবার আরএসএস নেতা রাম মাধবের লেখা বই ‘দ্য হিন্দুত্ব প্যারাডাইম: ইন্টিগ্রাল হিউম্যানিজম অ্যান্ড দ্য কোয়েস্ট ফর দ্য অ-ওয়েস্টার্ন ওয়ার্ল্ড’-এর প্রকাশের অনুষ্ঠানে যোগ দেন আরএসএস সাধারণ সম্পাদক দত্তত্রেয় হোসাবলে। এই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দাবী করেন যে “হিন্দুত্বের কোনও ডানপন্থা বা বামপন্থা নেই”। তাঁর কথায়, “আমাদের অনেক চিন্তাধারাই বামপন্থীদের মতো”।

এই অনুষ্ঠানে হোসাবলে বলেন, “পৃথিবী বাম দিকে চলে গিয়েছিল, বা বামে যেতে বাধ্য হয়েছিল এবং এখন পরিস্থিতি এমন যে পৃথিবী ডানদিকে চলে যাচ্ছে, যাতে এটি মধ্যবর্তী স্থানে থাকে। সেটাই হিন্দুত্বের কথা, না বাম, না ডান।’ তিনি আরও বলেন, ‘হিন্দুত্বের সারমর্ম হল, প্রতিটি ক্ষেত্র থেকে সেরা বিষয়টি গ্রহণ করা এবং আপনার প্রয়োজন, পারিপার্শ্বিকতা এবং জীবন অনুসারে সেটিকে একটি ধাঁচে ফেলা। এবং বাম এবং ডান উভয় পক্ষের ধারণার জন্যই স্থান রয়েছে, যেহেতু এগুলি ‘মানব অভিজ্ঞতা’ থেকে উঠে এসেছে”।

এদিন এই অনুষ্ঠানে ঔপনিবেশিক অবশিষ্টাংশ সম্পর্কেও কথা বলেন হোসাবলে। তাঁর মতে, বর্তমান সময়ে এই বিষয় অপ্রাসঙ্গিক হলেও, বহু দেশে ঔপনিবেশিক বিষয় অব্যাহত রয়েছে। তাঁর কথায়, “ভারতের প্রধান বিচারপতির সাম্প্রতিককালে মন্তব্য করেন যে ভারতীয় বিচার ব্যবস্থা দেশের জন্য উপযুক্ত নয়”। এর আগে প্রধান বিচারপতি এনভি রামানা বলেছিলেন, “আমাদের আইনি ব্যবস্থার ভারতীয়করণ প্রয়োজন”।

শুধু তাই-ই নয়, এদিন জাতির দীর্ঘায়ুর জন্য সাংস্কৃতিক সংহতির গুরুত্বের কথাও বলেন হোসাবলে। এদিন বার্লিন প্রাচীরের পতনের উল্লেখ করেন তিনি। জানান সেই ঘটনা কীভাবে জার্মানিকে পুনরায় একত্রিত করেছিল। তিনি এও বলেন যে কীভাবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। তাঁর কথায়, “কোনও জোরপূর্বক বিভাজন বা সংযুক্তিকরণ টিকে থাকে না। সংস্কৃতিই এর ভিত্তি”।

RELATED Articles