সপ্তাহের প্রথম কর্মব্যস্ত সকাল। চারদিক ছুটছে অফিসফেরত মানুষ। হুড়োহুড়ি, গন্তব্যে পৌঁছনোর তাগিদ। এমন চেনা ছবিতেই আচমকা নেমে এল মৃত্যুর ছায়া। এক নিমেষে থমকে গেল বহু পরিবার। চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু হল একাধিক যাত্রীর। এই বিভীষিকাময় ঘটনা চোখে জল এনে দিয়েছে অনেকের। আতঙ্কের ছায়া নেমে এসেছে রেল যাত্রীদের মনে। তবে ঠিক কীভাবে ঘটল এই দুর্ঘটনা? কেনই বা এই মর্মান্তিক পরিণতি? উত্তর খুঁজছে রেল প্রশাসন।
যত দিন যাচ্ছে, ততই বাড়ছে ট্রেনে যাত্রী চাপ। বিশেষ করে অফিস টাইমে। দাঁড়ানোর জায়গা তো দূর, ট্রেনের দরজার কাছেও টিকতে পারা কঠিন। এমন পরিস্থিতিতেই ঘটল বড় বিপর্যয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের ভিতরে এমন ভিড় ছিল যে অনেকেই ঝুলে ঝুলে যাচ্ছিলেন। ধাক্কাধাক্কির মধ্যেই হঠাৎ অনেকে ব্যালান্স হারিয়ে ট্রেন থেকে ছিটকে পড়ে যান। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়ায় গোটা কামরায়। চিৎকার, কান্নার শব্দে ভরে ওঠে ট্রেন চত্বর।
জানা গিয়েছে, সোমবার সকালে একটি লোকাল ট্রেন ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে কাসারা যাচ্ছিল। সেই সময় মুম্বই-লখনউগামী পুষ্পক এক্সপ্রেস একই রুটে ক্রস করছিল। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা। চলন্ত অবস্থায় বাদুড়ঝোলা হয়ে থাকা যাত্রীরা ছিটকে রেল লাইনে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুটি ট্রেনের গতিবেগ বেশি থাকায় হাওয়ার প্রবল টানে যাত্রীরা টিকতে পারেননি। অনেকে ট্রেনের দরজার একেবারে ধারে ছিলেন, ফলে তাঁরা পড়ে যান নিচে।
সূত্রের খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা আরও বেশি। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। দুর্ঘটনার খবর পেয়ে রেল প্রশাসন এবং স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
আরও পড়ুনঃ একদম নামমাত্র খরচে ভারতে ইন্টারনেট বিপ্লব আনতে চলেছে ইলন মাস্কের স্টারলিঙ্ক, জানুন সম্ভাব্য দাম ও পরিষেবার তথ্য
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মুম্বরা এবং ডিভা স্টেশনের মাঝামাঝি এলাকায়। এই রুট মুম্বই লোকালের অন্যতম ব্যস্ত পথ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রুটে যাতায়াত করেন। সপ্তাহের প্রথম দিনে এই ভয়াবহ ঘটনা গোটা শহরের যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। অনেক যাত্রী জানিয়েছেন, রেলের তরফে বহুবার সতর্কবার্তা দেওয়া হলেও ট্রেনে বাদুড়ঝোলা হয়ে যাওয়ার প্রবণতা বন্ধ হচ্ছে না। ঘটনার জেরে সাময়িকভাবে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবাও। স্টেশনগুলিতে হুড়োহুড়ি পরিস্থিতি তৈরি হয়েছে। আপাতত রেল প্রশাসন গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তার জন্য বাড়তি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।





