ওড়িশাতে হিন্দু মন্দির ভাঙচুর, ভাঙা হল দেবদেবীর মূর্তি, চুরি প্রভু জগন্নাথের গয়না

ফের এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল ওড়িশা। শনিবার ওড়িশার একটি হিন্দু মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ভেঙে ফেলা হয় দেবদেবীর মূর্তি। এমনকি প্রভু জগন্নাথের গয়নাও চুরি গিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে ওড়িশার মুনিগুড়া অঞ্চলের শিবের মন্দিরে। এই অঞ্চল অন্ধ্রপ্রদেশ সীমান্তের বেশ কাছে। সূত্রের খবর অনুযায়ী, রবিবার সকালে মন্দিরের পুরোহিত পুজো করতে এসে এই বিধ্বস্ত অবস্থা দেখেন মন্দিরের। মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে। তাঁর কথায়, তিনি দেখেন লক্ষ্মীদেবী ও সরস্বতী দেবীর মূর্তি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। একাধিকবার আক্রমণ চালানো হয়েছে তাতে। এরপরই তিনি মন্দির কর্তৃপক্ষকে খবর দেন।

মন্দির কর্তৃপক্ষের কথায় দেবদেবীর মূর্তি ভাঙার পাশাপাশি চুরি গিয়েছে প্রভু জগন্নাথের গয়নাও। ঘটনার কথা জানিয়ে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে মুনিগুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাদের দাবী, এই ঘৃণ্য ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হোক।

বেশ কিছুদিন ধরেই অন্ধ্রপ্রদেশের বেশ কিছু হিন্দু মন্দিরের উপর হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা। গত রবিবারও অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া অঞ্চলের সীতারাম মন্দিরে ভাঙচুর করা হয়। প্রাথমিক তদন্তে ডেপুটি পুলিশ কমিশনার বিক্রান্ত প্যাটেল মন্দিরের তত্ত্বাবধানে থাকা কোটেশ্বরমকে জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানা গিয়েছে। মন্দির ভাঙা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। তবে পুলিশ স্থানীয় বাসিন্দা ও ভক্তদের আশ্বস্ত করেছে যে অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, গত মাসেও ভিজিয়ানাগ্রাম জেলার রামতীর্থম মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ৪০০ বছর পুরনো প্রভু রামের মূর্তি ভেঙে ফেলে তারা। পরদিন সকালে মন্দিরের পুরোহিত এসে এই ভাঙা মূর্তি উদ্ধার করেন।

RELATED Articles