বিবিধের মাঝে দেখ মিলন মহান, ভারতবর্ষ বৈচিত্রের মধ্যে ঐক্যের দেশ। এখানে জাতি-ধর্ম নির্বিশেষে সকলেই সকলের উৎসব পালন করে থাকে। আজ রাখি পূর্ণিমা। এই দিনটিতে বোনরা ভাইদের হাতে রাখি বেঁধে দেন ভাইবোনের মধ্যে সম্পর্ককে মজবুত করার জন্য। যদিও ভোপাল সেন্ট্রালের হিন্দু মহিলারা এবার খানিকটা মন খারাপ করেই বাড়িতে বসে ছিলেন। নগরায়নের কারণে রাখি কিন্তু পরেননি অনেকে। যারা বাড়িতে রাখি বানান তারাও উপকরণও জোগাড় করতে পারেননি। কিন্তু তাদের মন খারাপ লাঘব করলেন এলাকার মুসলিম বিধায়ক! কুড়ি হাজার হিন্দু মহিলার বাড়িতে পৌঁছাল রাখি তৈরির উপকরণ।
ভোপালে গত ২৫শে জুলাই থেকে পুরোপুরি লকডাউন চলছে। চলবে ৪ঠা আগস্ট পর্যন্ত। ফলে রাখি উৎসব নিয়ে আশঙ্কায় পড়ে গিয়েছিলেন এলাকার হিন্দু মহিলারা। তাদের সেই আশঙ্কা দূর করলেন ভোপাল সেন্ট্রাল আসনের বিধায়ক আরিফ মাসুদ। তিনি রাখি তৈরির নানা উপকরণ পাঠিয়ে দিয়েছেন ২০ হাজার হিন্দু মহিলার বাড়িতে।
এই মহিলারা অধিকাংশই দরিদ্র পরিবারের। আরিফ জানান, টানা লকডাউনের কারণে আর্থিক সমস্যায় রয়েছে বহু পরিবার। সেখানে তিনি কোনোভাবেই চান না যে এই উৎসবের রঙ হারিয়ে যাক। সেই জন্যই তিনি এই উদ্যোগ নিয়েছেন।
রাখি তৈরির সমস্ত উপকরণ উৎসবের প্রাক্কালে পৌঁছে যাওয়ায় মহিলারাও ভীষণ খুশি। রাখির সুতোর উপরে প্রথাগত হিন্দু রীতিতে ওঁ লেখা রয়েছে। রাখির সঙ্গে সঙ্গে নারকেল ইত্যাদিও এসেছে সবার বাড়ি। সেসবও বন্টনের আয়োজন চলছে।
আরিফ জানিয়েছেন যে, তাঁর এলাকায় রাখি খুব ধুমধাম করে পালিত হয়। বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে দেয়, এই সংস্কৃতি তাঁর খুব প্রিয়। তাই তিনি কোন মতেই এই উৎসব এই বছর বন্ধ থাকুক এটা হতে দিতে পারেন না। তাই ভাই-বোনদের মুখে হাসি ফোটাতে তিনি এই মহান উদ্যোগ নিয়েছেন।





