শীঘ্রই ভিখারি মুক্ত হবে ভারত, বড়সড় পরিকল্পনা নিল এবার মোদী সরকার, বাছা হল ৩০টি শহরকে

উন্নত দেশ হিসেবে ভারতকে গড়ে তোলার জন্য কোনও খামতি রাখছে না মোদী সরকার। ২০২৬ সালের মধ্যে ভিক্ষাবৃত্তি মুক্ত ভারত গঠনের ডাক দিয়েছে কেন্দ্র। তবে ২০২৬ সালের মধ্যে গোটা দেশ ভিখারিমুক্ত না হলেও ভিখারি মুক্ত হবে ভারতের একাধিক শহর।

এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য দেশের ৩০টি শহরকে বেছে নেওয়া হয়েছে বলে খবর। এই ৩০টি শহর পর্যটন, ধর্মীয় ও ঐতিহাসিক দিক দিয়ে অতি গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের তরফে এই ভিক্ষাবৃত্তি মুক্ত ভারত গঠনের জন্য ‘সাপোর্ট ফর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়ালস ফর লাইভলিহুড অ্যান্ড এন্টাপ্রাইসেস’ বা ‘স্মাইল’ নামের একটি প্রকল্প শুরু করা হয়েছে।

জানা গিয়েছে, সংশ্লিষ্ট শহরগুলির জেলা ও পুর কর্তৃপক্ষের সঙ্গে মন্ত্রকের তরফে যোগাযোগ করা হয়েছে। কোন শহরের কোথায় কোথায় ভিখারির সংখ্যা বেশি, তা চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনকে। এই প্রকল্প বাস্তবায়িত করার উদ্দেশে ফেব্রুয়ারি মাঝামাঝি সময়েই একটি সরকারি পোর্টাল ও একটি মোবাইল অ্যাপ চালু করা হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, সেই অ্যাপে ৩০টি শহরের ভিখারিদের নানান তথ্য থাকবে। ভিখারিদের মধ্যে সমীক্ষা চালিয়ে, তাদের পুনর্বাসন ও আশ্রয় দানের বিষয়ে সেই পোর্টালে সমস্ত রিপোর্ট জমা করতে হবে স্থানীয় প্রশাসনকে। ভিখারিদের থেকে জানতে চাওয়া হবে, তারা কী ভিক্ষাবৃত্তি করেই বাকি জীবন কাটাতে চান নাকি কোনও কাজ করে জীবিকা নির্বাহ করতে চান! তাদের ইচ্ছা অনুযায়ীই তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, পড়াশোনার সুযোগও করে দেওয়া হবে বলে জানাল সংশ্লিষ্ট মন্ত্রক।     

কোন কোন শহর রয়েছে এই তালিকায়?

যে ৩০টি শহরকে বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে ১০টি শহর রয়েছে যা ধর্মীয় স্থান। সেগুলি হল- অযোধ্যা, কাংরা, ওঙ্কারেশ্বর, উজ্জয়িন, সোমনাথ, পাভাগাধ, ত্রিমবাকেশ্বর, বোধগয়া, গুয়াহাটি এবং মাদুরাই। যে শহরগুলি পর্যটন স্থল হিসেবে পরিচিত, সেগুলি হল- বিজয়ওয়াড়া, কেভাদিয়া, শ্রী নগর, নামসাই, কুশিনগর, সাঁচি, খাজুরাহো, জয়সলমের, তিরুবনন্তপূরম এবং পুদুচেরি।

ঐতিহাসিক শহরগুলির মধ্যে রয়েছে অমৃতসর, উদয়পুর, ওয়ারাঙ্গল, কটক, ইন্দোর, কোঝিকোড়ে, মাইসুরু, পঞ্চকুলা, সিমলা এবং তেজপুর। এই ৩০টি শহরের মধ্যে কাংরা, কটক, উদয়পুর ও কুশিনগর কেন্দ্রের এই পরিকল্পনায় এখনও রাজি হয়নি।। আর সাঁচি জানিয়েছে যে কোনও ভিখারিই নেই তাদের শহরে।

RELATED Articles