ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো’র (NCRB) তরফে পেশ করা একটি রিপোর্টে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। তথ্যটি উদ্বেগেরও বটে। সম্প্রতি NCRB তাঁদের প্রকাশিত নয়া রিপোর্ট-এ জানিয়েছে ভারতে জেলবন্দি অপরাধীদের মধ্যে মুসলিম (Muslim), দলিত (Dalit) ও আদিবাসীদের (Tribal) সংখ্যাই সবথেকে বেশি। ভারতে মোট জেলবন্দি অপরাধীদের মধ্যে এঁদের সংখ্যাই প্রায় দুই তৃতীয়াংশ।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, গতবছর মুসলিম (Muslim) সম্প্রদায়ের ক্ষেত্রে দোষী সাব্যস্ত হওয়ার তুলনায় বিচারাধীন বন্দির সংখ্যা বেশি। পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে, দেশে মুসলিম (Muslim) অপরাধীর সংখ্যা সবথেকে বেশি যোগীর রাজ্য উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। মধ্যপ্রদেশে (Madhya Pradesh) অপরাধী সাব্যস্ত হওয়া আদিবাসী সম্প্রদায়ের মানুষের সংখ্যাও নজরকাড়া।
পরিসংখ্যান থেকে আরও একটি বিশেষ বিষয় স্পষ্ট হয়েছে জেলের বাইরে থাকা মুসলিম (Muslim), দলিত (Dalit) ও আদিবাসীর (Tribal) চেয়ে এই তিন সম্প্রদায়ের বন্দির সংখ্যা অনেকটাই বেশি। ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, দেশজুড়ে জেলবন্দি দলিত (Dalit) অপরাধীর সংখ্যা ২১.৭ শতাংশ। আবার বিচারাধীন তফশিলি উপজাতি সংখ্যা ২১ শতাংশ। ২০১১ জনগণনা অনুযায়ী ভারতে এদের সংখ্যা ১৬.৬ শতাংশ। সাজাপ্রাপ্তদের মধ্যে তফশিলি জাতির অপরাধী ১৩.৬ শতাংশ ও বিচারাধীন বন্দির সংখ্যা ১০.৫ শতাংশ। ২০১১ জনগণনা অনুসারে ভারতে আদিবাসীর সংখ্যা ৮.৬ শতাংশ।
দেশের মোট জনসংখ্যার ১৪.২ শতাংশ মুসলিম। যদিও দেশ জুড়ে জেলবন্দি মুসলমান অপরাধীর সংখ্যা ১৮.৭ শতাংশ ও বিচারাধীন বন্দির সংখ্যাও ১৮.৭ শতাংশ। এই সংখ্যাটা সবচেয়ে বেশি রয়েছে উত্তরপ্রদেশে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো’র (NCRB) ২০১৫-এর পরিসংখ্যানের তুলনায় ২০১৯ সালে মুসলমান অপরাধীর সংখ্যা বিচারাধীন বন্দির তুলনায় বাড়ছে। গত পাঁচ বছরে তফশিলি জাতি-উপজাতির ক্ষেত্রে অবস্থার খুব একটা বদল হয়নি।
ভারতে মুসলিম অপরাধী ও বিচারাধীন বন্দির সংখ্যায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। এরপরেই রয়েছে বাংলা ও মহারাষ্ট্র।





