মুসলিমরা চাকরির আবেদন করবেন না, বিজ্ঞাপন দিয়ে গ্রেফতার চেন্নাইয়ের বেকারি মালিক

মুসলিম লোক কাজে নেওয়া হবে না, এমনই জাতিবিদ্বেষী  বিজ্ঞাপন দিয়ে গ্রেফতার হলেন চেন্নাইয়ের এক বেকারি মালিক। তাঁর বেকারিতে কাজ করার জন্য কোনও মুসলিম প্রার্থী আবেদন করতে পারবেন না এই মর্মে বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি। পুলিশ খবর পেয়ে গ্রেফতার করেছে ওই বেকারি মালিককে।

চেন্নাইয়ের জৈনস বেকারি অ্যান্ড কনফেকশনারিস নামের ওই দোকানটির জন্য অদ্ভুত বিজ্ঞাপন দিয়েছিলেন টি নগর নামের ওই মালিক। বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। পুলিশ গ্রেফতার করে ওই ব্যক্তিকে। মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়। নেটদুনিয়াতেও ওই ব্যক্তির বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। সমাজে সাম্প্রদায়িক উস্কানিমূলক বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে তাঁকে বিদ্ধ করতে থাকেন।

এর আগে করোনা ভাইরাস টেস্ট ছাড়া হাসপাতালে ঢুকতে পারবেন না কোনও মুসলিম এমনই নিদান জারি করেছিল উত্তরপ্রদেশের মেরঠের এক ক্যান্সার হাসপাতাল। তাদের দেওয়া বিজ্ঞাপনে বলা হয়েছিল কোনও মুসলিম রোগী ভর্তি হতে এলে, তাঁর করোনা ভাইরাস পরীক্ষা করাতে হবে। শুধু তাই নয়, পরীক্ষা করাতে হবে তাঁর পরিবারের লোকজনকেও। টেস্টের ফলাফল নেগেটিভ এলে তবেই তিনি হাসপাতালে ভর্তি হতে পারবেন। স্থানীয় এক সংবাদপত্রে এই বিজ্ঞাপন বেরোনোর পরেই জলঘোলা শুরু হয়। শুরু হয় চরম বিতর্ক। হিন্দু ও জৈনদেরও এই বিজ্ঞাপনে অপমান করা হয়েছে। তাদের ‘কৃপণ বড়লোক’ বলে দাবি করে দোষারোপ করা হয়েছে। এরই সঙ্গে প্রধানমন্ত্রীর ফান্ডে অনুদান দেওয়ারও দাবি করা হয়েছে। 

হাসপাতালের বিরুদ্ধে লোকজন প্রচার করতে শুরু করে। পরে ওই বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে সাফাই দিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এজন্য দ্বিতীয় একটি বিজ্ঞাপনও বের করা হয় সংবাদপত্রটিতে। তবে লাভ হয়নি। হাসপাতালের মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। তাঁর বিরুদ্ধে জাতি বিদ্বেষ ও অন্যের ধর্মের ভাবাবেগকে আঘাত করার অভিযোগ আনা হয়।

আরও অন্যান্য খবর