সারাদেশে যেভাবে করোনা সংক্রমন বেড়ে চলেছে তা রুখতে ২৪ শে মার্চ মধ্যরাত থেকেই দেশজুড়ে লকডাউন জারি হয়েছিল। যার মেয়াদ আজ মধ্যরাতে শেষ হওয়ার কথা। কিন্তু সংক্রমনের ভয়াবহতার কথা মাথায় রেখেই এবার লকডাউনের সীমা বাড়িয়ে ৩রা মে করলেন প্রধানমন্ত্রী। কিন্তু আজকের এই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঠিক আগেই কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে।
চিঠিতে তিনি প্রথমেই মোদী সরকারের খাদ্যসামগ্রী সরবরাহের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন। তিনি অনুরোধ করেছেন, ‘এই স্কিমটি যেন সেপ্টেম্বর মাস পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়া হয়। ভারতের লক্ষ লক্ষ মানুষ লকডাউনের জেরে গৃহবন্দী হয়ে আছেন। এই সময় তাদের অনেকের হাতে পয়সা নেই, রোজগার নেই, কিন্তু পেটে খিদে আছে। তাই একটু খাবারের চিন্তায় অনেকেই বাইরে বেরিয়ে পড়েন। ভারতের কাছে এই বিশ্বমারির যে খাদ্য মজুত রয়েছে তা যেন প্রত্যেক অভুক্ত মানুষ পেতে পারে।’
কংগ্রেস সুপ্রিমো চিঠিতে প্রধানমন্ত্রীর জনপ্রতি ৫ কেজি খাদ্যসামগ্রী বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছেন। করোনার জেরে ভারতীয় অর্থনীতি বড়সড় দুর্যোগের মধ্যে দিয়ে যেতে চলেছে। কিন্তু এর জন্য গরীব মানুষগুলোর যেন কোনও ধরনের সমস্যা না হয়। সেদিকটাও যেন সরকার একটু নজর দেন।
জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA) অনুযায়ী সকলের খাদ্য নিশ্চিত করা উচিত বলে জানান তিনি। লকডাউনের দরুন মানুষ খাদ্য যোগানের চিন্তায় পড়েছেন। তাই সেপ্টেম্বর পর্যন্ত যাদের প্রয়োজন তাদের সকলকে সরকার যেন খাদ্য সরবরাহ করেন, সেই আবেদন করেছেন সনিয়া। এর সঙ্গে সঙ্গে যাদের এনএফএসএ কার্ড নেই তারাও যেন খাবার পায় সে দিকেও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন কংগ্রেস নেত্রী। তাঁর একমাত্র অনুরোধ কোনো মানুষ যেন এই দেশে অভুক্ত থেকে লড়াই না করে। প্রতিটা পেট যেন কিছুটা ভরতি হয় এবং শান্তিতে ঘরে থাকতে পারে।





