বাঙালির নববর্ষ বাংলা হরফেই, ট্যুইট-এ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

করোনার বিধ্বস্ততার মধ্যেই এসে গেল উৎসবের দিন। বাংলার নববর্ষ। বৈশাখের সূচনায় সবার একটাই প্রার্থনা, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা।’

এই ভয়াবহতার মাঝেই পয়লা বৈশাখের প্রাক্কালে বঙ্গবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবার সমৃদ্ধি কামনা করে তিনি খাঁটি বাংলা হরফে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। ট্যুইটারে প্রধানমন্ত্রী লিখলেন, “শুভ নববর্ষ। পয়লা বৈশাখের শুভেচ্ছা গ্রহণ করুন। নতুন বছর আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।”

পৃথিবীর এখন ভারী অসুখ। করোনা ভাইরাস তার মারণ জাল বিস্তার করেই চলেছে, বিশ্বের নানা দেশে। দেশবাসীদের স্বার্থে সব দেশই এখন লকডাউন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আদেশ জারি করেছেন। এই ঘরবন্দি অবস্থাতে হয়তো মানুষের অন্য বছরের মতো ১৪২৭ কে স্বাগত জানানোর উদ্দীপনা নেই, বৈশাখীর গান নেই, মন্দির দর্শন নেই, পাড়ার দোকানে হালখাতা নেই। একটু মিষ্টিমুখও যেন বিলাসিতা। কিন্তু আছে এক পরম আশা, যে আমরা এই করোনাকে কাটিয়ে উঠব একসাথে। সেই আশাতেই বুক বেঁধে চলছে শুভেচ্ছা বিনিময়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রীতি মেনে বাঙালি সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন।

তবে শুধু বাংলার নববর্ষ উপলক্ষে নয়, আজ দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন উৎসব। ভারতের নানান রাজ্যের মানুষ আজ বাড়িতে থেকে উৎসবে সামিল হয়েছে। তাই প্রধানমন্ত্রীও আলাদা আলাদা করে আঞ্চলিক ভাষায় সব উৎসবেরই শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তামিল নববর্ষ পুথাণ্ডু, কেরলের বিশু, অসমের বিহু, সবাই উঠেছে তাঁর শুভেচ্ছা বার্তায়। বিভিন্ন আঞ্চলিক অনুষ্ঠানের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, একসাথে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করার শপথও নিয়েছেন প্রধানমন্ত্রী।

RELATED Articles

Leave a Comment