বিজেপির পথ প্রদর্শক বলা হয় তাঁকে। তবে গত কয়েক বছরে যেন তিনি ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়ছিলেন। তবে এবার তাঁকে গুরুদক্ষিণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হবে দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণীকে। আজ, শনিবার টুইট করে এমনই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টুইটে কী লিখলেন মোদী?
লোকসভা নির্বাচনের আগে এক বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। এদিন লালকৃষ্ণ আদবাণীর ভারতরত্ন পাওয়ার কথা ঘোষণা করে টুইটে তিনি লিখলেন, “ভারতের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হবে গেরুয়া শিবিরের বহুযুদ্ধের নায়ককে। এদিন এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “আদবাণীজি আমাদের সময়ের অন্যতম সম্মানীয় ব্যক্তি, দেশের উন্নয়নের জন্য যার অশেষ অবদান রয়েছে। তিনি একদম নীচু স্তর থেকে কাজ শুরু করেছিলেন, সেখান থেকে দেশের উপ-প্রধানমন্ত্রী হয়ে দেশের সেবা করেছিলেন। তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্য ও সম্প্রচার মন্ত্রীও ছিলেন। তাঁর সংসদীয় পদক্ষেপগুলিও বরাবরই অনুকরণীয় ও সমৃদ্ধ ছিল”।
I am very happy to share that Shri LK Advani Ji will be conferred the Bharat Ratna. I also spoke to him and congratulated him on being conferred this honour. One of the most respected statesmen of our times, his contribution to the development of India is monumental. His is a… pic.twitter.com/Ya78qjJbPK
— Narendra Modi (@narendramodi) February 3, 2024
এর পরের পোস্টে তিনি আরও লেখেন, “আদবাণীজি দীর্ঘ কয়েক দশক ধরে সাধারণ জনগণের যে পরিষেবা দিয়েছেন স্বচ্ছতা ও সততা বজায় রেখে, তা রাজনীতিতে মানদণ্ড তৈরি করেছে। দেশের অখণ্ডতা ও সংস্কৃতির পুনরুত্থানে তাঁর অবদান অনস্বীকার্য। ওনাকে (আদবাণী) ভারতরত্ন সম্মানে সম্মানিত করতে পারা আমার কাছেও একটা আবেগঘন মুহূর্ত। ওনার সঙ্গে আলাপচারিতা করতে পারা ও ওনার থেকে পাওয়া শিক্ষাকে আমি বরাবরই নিজের সৌভাগ্য বলেই মনে করেছি”।
বলে রাখি, দেশের সপ্তম উপ-প্রধানমন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আদবাণী। বিজেপির সহ-প্রতিষ্ঠাতা তিনি। ছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সদস্যও। রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম মুখ এই লালকৃষ্ণ আদবাণী। দেশের সর্বাধিক সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ও লোকসভার বিরোধী দলনেতা ছিলেন লালকৃষ্ণ আদবাণী।
প্রসঙ্গত, ২০১৫ সালে অটল বিহারী বাজপেয়ীকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করেছিল মোদী সরকার। তবে ত্তদিনে চলচ্ছক্তি হারিয়ে ফেলেছিলেন বাজপেয়ী সাহেব। বাজপেয়ীর সরকারি বাসভবন, ৬এ কৃষ্ণ মেনন মার্গে গিয়ে তাঁকে ভারতরত্ন সম্মান দিয়ে এসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।





