ক্রমেই বাড়ছে ওমিক্রনের আতঙ্ক। এর মাঝেই বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি জানান যে ১৫ বছরের ঊর্ধ্বদের করোনার টিকা দেওয়ার দিনক্ষণ জানালেন প্রধানমন্ত্রী। এরই সঙ্গে নিয়ন্ত্রিতভাবে দেশে বুস্টার ডোজ চালুর কথাও ঘোষণা করেন মোদী। সব মিলিয়ে করোনাকে হারাতে আরও এক ধাপ এগোল দেশ।
- এবার করোনার টিকা পাবেন দেশের ১৫ ঊর্ধ্ব বয়সীরাও। ২০২২ সালের ৩ জানুয়ারি থেকে শুরু হবে এই টিকাকরণ।
- প্রথম সারির করোনা যোদ্ধারা পাবেন ‘প্রিকশন ডোজ’। ২০২২ সালের ১০ জানুয়ারি থেকে এই পর্যায়ের টিকাকরণ শুরু হবে।
- ষাটোর্ধ্বদের কো-মর্বিডিটি থাকলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নেওয়া যাবে ‘প্রিকশন ডোজ’। তাঁদেরও এই টিকাকরণ শুরু হবে২০২২ সালের ১০ জানুয়ারি থেকে।
এদিন প্রধানমন্ত্রীর বলেন, “করোনা মহামারীর সঙ্গে লড়াইয়ের এখনও পর্যন্ত অভিজ্ঞতা বলছে, সব নিয়ম মেনে চলাই করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার। আরেকটা উপায় হল টিকাকরণ। আমাদের দেশও বহুদিন আগে থেকে টিকা তৈরির কাজ করেছে”।
এদিন মোদী ফের একবার দেশবাসীকে সতর্ক করে বলেন, “করোনা এখনও বিদায় নেয়নি। তাই বিজ্ঞানসম্মতভাবে আমাদের এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে”।
প্রধানমন্ত্রীর বক্তব্য, “আজ বিশ্বের বহু দেশে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। ভয় পাবেন না। সাবধান থাকুন। সতর্ক থাকুন। মাস্ক পড়ুন। হাত ধোবেন নিয়মিত। ভাইরাস যেমন মিউট্যান্ট হচ্ছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ছে”।
মোদীর কথায়, “আজ দেশে ১৮ লক্ষ আইসোলেশনে বেড আছে। ৫ লক্ষ অক্সিজেন সাপোর্টেড বেড তৈরি হয়েছে। ১ লক্ষ ৪০ হাজার আইসিইউ বেড, ৯০ হাজার বেড বাচ্চাদের জন্যও আছে। ৩ হাজারের বেশি পিএসএ অক্সিজেন প্লান্ট কাজ করছে। ৪ লক্ষ অক্সিজেন সিলিন্ডার দেশজুড়ে দেওয়া হয়েছে”।





