‘খোলা মনে আলোচনা হোক, আবার বিবাদও চলুক’, বাদল অধিবেশনের শুরুতেই বিরোধীদের উদ্দেশে ইতিবাচক বার্তা প্রধানমন্ত্রীর

আজ, সোমবার থেকেই শুরু হচ্ছে সংসদে বাদল অধিবেশন। এদিকে আজই রয়েছে দেশের রাষ্ট্রপতি নির্বাচন। একদিকে এনডিএ পদপ্রার্থী দ্রৌপ্রদী মুর্মু, আর অন্যদিকে বিরোধী জোটের পদপ্রার্থী যশবন্ত সিনহার মধ্যে চলছে লড়াই। এছাড়াও কিছুদিন পরই রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনও। এসবের মধ্যেই অধিবেশনের শুরুর দিন ইতিবাচক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ, সোমবার সকালে সংসদ ভবনে এসে তিনি বলেন, “অধিবেশনে বিবাদ হোক, কিন্তু খোলা মনে আলোচনাও হোক। প্রয়োজনে স্বাস্থ্যকর বিতর্কও চলুক। তাতেই গণতন্ত্র আরও মজবুত হবে। দেশবাসীর কাছে ইতিবাচক বার্তা পৌঁছবে। সব সাংসদের কাছে আমার আবেদন, আপনারা অধিবেশনের কাজ এগিয়ে নিয়ে যেতে নিজেদের সুপরামর্শ দিয়ে সাহায্য করুন”।

বাদল অধিবেশনের প্রথম দিনই রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। আগামী ২১শে জুলাই রয়েছে ফলাফল। সেদিনই জানা যাবে রাষ্ট্রপতি পদের জন্য দ্রৌপদী মুর্মু না যশবন্ত সিনহাকে বেছে নিল দেশ। এদিকে আবার আগামী ৬ই আগস্ট রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন। লড়াই চলবে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড় ও বিরোধী জোট প্রার্থী মার্গারেট আলভার মধ্যে। সেই ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ই আগস্ট।

অন্যদিকে, আগামী ১২ই আগস্ট পর্যন্ত চলবে বাদল অধিবেশন চলবে। এই অধিবেশন চলাকালীন নতুন রাষ্ট্রপতির পাশাপাশি নতুন উপরাষ্ট্রপতিও পাবে দেশ। তিনি আবার রাজ্যসভার চেয়ারম্যানপ। এদিন এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই অধিবেশনের গুরুত্ব আলাদা। কারণ এখান থেকেই আমরা নতুন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি পাব। তাঁরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে নতুন দিশা দেখাবেন”।

আজ, সোমবার বেশ সকাল সকালই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যালটে নিজের ভোট দিয়ে সংসদে অধিবেশন কক্ষে নিজের আসন গ্রহণ করেন তিনি। এদিকে, নানান রাজ্যের বিধানসভাগুলিতেও চলছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া। এনডির পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করতে এদিন আদিবাসী পোশাক পরেই বিধানসভায় আসেন বাংলার বিজেপি বিধায়করা।

RELATED Articles