সময়ের আগেই উদ্বোধন করা হল বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের। আজ, শনিবার উত্তরপ্রদেশে চার লেনের এই হাইওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের সোশ্যাল মিডিয়ায় এই নতুন এক্সপ্রেসওয়ের নানান ছবি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
আজ, শনিবার জালাউনে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন যোগীজি ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদী। বলেন, “আগে বড় শহরের উন্নয়নের দিকে নজর দেওয়া হত। যোগীজি সেই ধারণা পাল্টে দিয়েছেন”।
এদিন মোদী আরও বলেন, “বর্তমানে গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি পালন করছে দেশ। সেই সঙ্গে আগামী ২৫ বছরের উন্নয়নের রূপরেখাও তৈরি করা হচ্ছে। নতুন নতুন রাস্তা, রেলপথ, আবাসান নির্মাণের পাশাপাশি গ্রামে গ্রামে পৌঁছেছে বিদ্যুৎ। যা যুব সমাজের লক্ষ্য পূরণে সাহায্য করছে”।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সংযোজন, “উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা এবং যোগাযোগ ব্য়বস্থা উন্নত করার প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। আমরা দুটোই উন্নতি করছি। আইন শৃঙ্খলা উন্নতি হচ্ছে, যোগাযোগ ব্য়বস্থাও উন্নত হচ্ছে। বুন্দেলাখণ্ড এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন আমরা করেছি, নির্ধারিত সময়ের আগে আমরাও সেটা করে দিলাম”।
Jalaun, Uttar Pradesh | If two things- law & order situation & connectivity were to be corrected, I knew this would become a state that can fight against all odds. We improved both. Law & order situation is improving, so is connectivity: PM Modi inaugurates Bundelkhand Expressway pic.twitter.com/7a6LBFfRQM
— ANI (@ANI) July 16, 2022
বলে রাখি, এই এক্সপ্রেসওয়ের শিলান্যাস হয় ২৮ মাস আগে। ২৯৬ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে তৈরি করতে খরচ হয়েছে ১৪ হাজার ৮৫০ কোটি টাকা। চিত্রকূট থেকে শুরু হয়ে এটাওয়ায় পর্যন্ত গিয়েছে এই বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। নতুন এই এক্সপ্রেসওয়ে তৈরি হওয়ায় সড়ক পথে দিল্লি যাওয়ার সময় এক ধাক্কায় অনেকটা কমে গেল। এবার থেকে এই রাস্তা দিয়ে দিল্লি পৌঁছতে সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা।





