‘২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত তো স্টার্টার ছিল, এবার মেন কোর্সের পালা’, ভোটের মুখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মোদীর, কোন প্রসঙ্গে বললেন এমন কথা?

লোকসভা নির্বাচন শুরু হতে আর বেশিদিন বাকি নেই। এই সময় নানান রাজ্যে নির্বাচনী প্রচারে যাচ্ছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর নানান সভায় নানান ইঙ্গিতবাহী মন্তব্যও করছেন তিনি। এবার ফের এক ভোট প্রচারে গিয়ে মোদীর মন্তব্য, “২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত তো স্টার্টার ছিল, এবার মেন কোর্সের পালা”।

১০ বছরের ইউপিএ জমানার অবসান ঘটিয়ে কেন্দ্রে ফের বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। সংসদে প্রবেশ করার পূর্বে নতমস্তক হয়ে প্রণাম জানিয়েছিলেন। সেই থেকে কেটে গিয়েছে ১০ বছর। এবার তৃতীয়বারের জন্য ক্ষমতা দখলের লড়াইয়ে মোদী। ভোট প্রচারে এবার তাঁর মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য।

কী বললেন নরেন্দ্র মোদী (Narendra Modi)?

গতকাল, শুক্রবার রাজস্থানে ভোট প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিগত তিনদিনে এই নিয়ে দ্বিতীয়বারের জন্য রাজস্থানে যান তিনি। সেখানেই নতুন ভারতের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আসলে, সম্প্রতি এক ব্রিটিশ দৈনিক সংবাদপত্র দাবী করেছে, পাকিস্তানের ২০ জন জঙ্গি নেতাকে নাকি ভারত সরকারের নির্দেশে খতম করা হয়েছে। সেই রিপোর্টকে ভিত্তিহীন দাবী করেছে কেন্দ্র সরকার। আর এরই মাঝে মোদী নির্বাচনী প্রচারে বললেন, “নতুন ভারত ঘরে ঢুকে মারে। শত্রুরাও জানে যে এটা মোদী, এটা নতুন ভারত”।

আর এরপরই  মোদীর (Narendra Modi) ইঙ্গিতপূর্ণ বার্তা, “এখনও পর্যন্ত যা হয়েছে, তা শুধুমাত্র ট্রেলার। এই মোদী ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত যা করেছে, তা স্টার্টার। এবার মেন কোর্সের জন্য প্রস্তুত হয়ে যান। এখনও অনেক কিছু করা বাকি আছে। অনেক স্বপ্ন আছে। সেগুলো পূরণ করতে হবে। দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে”।

এখানেই শেষ নয়, এদিন ইউপিএ সরকারকেও আক্রমণ শানান প্রধানমন্ত্রী (Narendra Modi)। বলেন, “যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন দেশের অবস্থা খুবই খারাপ ছিল। কংগ্রেসের বড় বড় দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। গোটা বিশ্বে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল। স্বাধীনতার এতবছর পরেই মানুষ মৌলিক অধিকারের জন্য কষ্ট করছিল। মানুষ ভেবেছিল কিছুই বদলাবে না। সবাই হতাশায় ডুবে গিয়েছিল। এই হতাশার মধ্যেই ২০১৪ সালে আপনারা এই গরিবের ছেলেকে সেবা করার সুযোগ দিয়েছিলেন। এরপর থেকে সেই হতাশা আর মোদীর ধারে কাছেও আসতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে পরিস্থিতি বদলাতে হবে। এই আবহে আমরা ভারতীয়রা দেশকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত করেছি। আজ গোটা দেশে মোদীর গ্যারান্টি নিয়ে আলোচনা হয়”।

RELATED Articles