দেশে যাতে কর্মসংস্থান বাড়ানো যায়, সেইজন্যই চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এই কারণে প্রায় ১০ লক্ষ চাকরি দেওয়ার জন্য চেষ্টা করছে। গতকাল, শনিবার গুজরাতে আয়োজিত রোজগার মেলায় একটি ভিডিও বার্তায় এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলির আগে ৭৫ হাজার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। দিল্লিতে আয়োজিত রোজগার মেলা থেকে নানান রাজ্যে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় যুবদের হাতে।
গতকালের এই ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে আগামী দিনে সরকারি চাকরি ক্ষেত্রে যুবদের জন্য কর্মসংস্থানের পরিমাণ বাড়ানো হবে। এদিন প্রায় ৫ হাজার জনকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় গুজরাত পঞ্চায়েত সার্ভিস বোর্ডের তরফে।
ধনতেরস উপলক্ষ্যে গুজরাতে একটি মেলার আয়োজন করা হয়েছিল। সেই রোজগার মেলা থেকে ৭৫ হাজার প্রার্থীকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এই ঘটনার কথা উল্লেখ করে মোদী বলেন, “ধনতেরাসের মতো পবিত্র দিনে আমরা জাতীয় স্তরে রোজ়গার মেলার আয়োজন করেছিলাম। সেখানে আমরা ৭৫ হাজার যুবদের নিয়োগপত্র দিয়েছি”। তিনি জানান যে এই রাজ্যে আগামী দিনে আরও এমন রোজ়গার মেলার আয়োজন করা হবে।
মোদীর কথায়, “১০ লক্ষ চাকরি দেওয়ার জন্য কাজ করছে কেন্দ্রীয় সরকার। এবং এই অভিযানে যুক্ত হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও। যুবদের জন্য সরকারি চাকরির সংখ্য়াও বাড়ানো হচ্ছে”। এদিন তিনি গুজরাত সরকারের লক্ষ্য পূরণের কথাও জানান। প্রধানমন্ত্রী বলেন যে গুজরাত সরকার ২০২২ সালে ৩৫ হাজার সরকারি চাকরি দেওয়ার লক্ষ্য পূরণ করেছে।
এদিনের এই অনুষ্ঠানে গুজরাতের শিল্পনীতির প্রশংসাও করেন নরেন্দ্র মোদী। বলেন যে কর্মসংস্থান তৈরি করতে গুজরাতের নয়া শিল্পনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রীর কথায়, “আমাদের লক্ষ্য হল ভারতকে ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলা। আগামী ২৫ বছর দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের অনেক উন্নয়ন দরকার এবং আপনাদেরও সমাজ ও দেশের প্রতি নিজেদের দায়িত্ব পালন করা উচিত”।






