আজ থেকে আমজনতার টিকাকরণ কর্মসূচী শুরু, প্রথম টিকা নিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আজ থেকেই টিকা পাবেন আমজনতা। আজ, সোমবার সকালেই টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দিল্লির এইমসে গিয়ে করোনার টিকার প্রথম ডোজ নেন তিনি। নিজেই সেই কথা দেশবাসীকে টুইট করে জানান দেন প্রধানমন্ত্রী। তবে কোভিশিল্ড নয়, মোদীর কিন্তু ভরসা দেশী প্রযুক্তিতে তৈরি কোভ্যাক্সিনই।

গত ১৬ই জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণের কর্মসূচী। প্রথম পর্যায়ে টিকা পেয়েছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধারা। এরপর আজ অর্থাৎ ১ই মার্চ থেকে দেশজুড়ে ষাটোর্ধ ও ৪৫ বছর বয়স্কদের মধ্যে যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তারা টিকা পাবেন। আজ সকাল ৯টা থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে এর আগেই আজ সকালেই দেশবাসীকে চমক দিয়ে করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন- প্রথম দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজই বৈঠকে তৃণমূল, সদ্য দলে যোগ দেওয়া তারকারা পেতে পারেন টিকিট

এদিন টিকা নেওয়ার পর টুইটারে তিনি লেখেন, “এইমস থেকে করোনার টিকার প্রথম ডোজ নিলাম। এটি অসাধারণ ব্যাপার যে চিকিৎসক ও বিজ্ঞানীরা খুব অল্প সময়ের মধ্যেই করোনার বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করে তুলেছে। যারা টিকা নেওয়ার জন্য মনোনীত হয়েছেন, তাদের সকলকে টিকা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আসুন ভারতকে কোভিড-১৯ মুক্ত করে তুলি”।

এর আগে কো-ভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে অনেকবার নানান প্রশ্ন উঠেছে। এই দেশী টিকা তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হওয়ার গাএই এই টিকাকে ছাড়পত্র দেওয়া হয়। এই নিয়ে শুরু হয় বিতর্ক। অনেক স্বাস্থ্যকর্মীই এই কো-ভ্যাক্সিন টিকা নিতে অস্বীকার করেন। কিন্তু প্রধানমন্ত্রী খোদ এবার দেশবাসীর ভরসা জিততে এই কো-ভ্যাক্সিন টিকাই নিলেন।

আরও অন্যান্য খবর