সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। এবার সেখানেই খুদের সঙ্গে খোশমেজাজে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ভাইরাল হ’ল খুদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেই কথপোকথনও। অধিবেশনের মাঝেই পাঁচ বছরের এই খুদের সঙ্গে কথা বলেন তিনি।
গত বুধবার সংসদে মোদীর সঙ্গে দেখা করতে পরিবারকে নিয়ে আসেন বিজেপি সাংসদ অনিল ফিরোজিয়া। সঙ্গে ছিল তাঁর দুই মেয়ে এবং স্ত্রী। ওই দিন মোদী নিজের স্টাইলে অনিলের পাঁচ বছরের মেয়েকে জিজ্ঞাসা করেন ‘ আমি কে?’ এই প্রশ্নের উত্তরে সাংসদের মেয়ে অহনা বলে, ‘হ্যাঁ, আপনি মোদীজি। আপনাকে রোজ টিভিতে দেখি।’
প্রধানমন্ত্রী খুদে অহনাকে ফের জিজ্ঞাসা করেন,’তুমি কি জানো যে আমি কী কাজ করি?’ এই প্রশ্নের উত্তরে অহনা বলে, ‘আপনি লোকসভা টিভিতে কাজ করেন।’ খুদের এই উত্তর শুনে হেসে ফেলেন সকলে, এমনকি খোদ মোদীও হাসি চেপে রাখতে পারেননি। আর এই খুদের সঙ্গে কথপোকথন ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর সাংসদ অনিল ফিরোজিয়া’র পাঁচ বছরের মেয়ে অহনার সারল্যে মজেছেন নেটিজেনরা। এছাড়া মোদীর স্টাইলও মন কেড়েছে নেটিজেনদের। উল্লেখ্য, ওই দিন সংসদে বিএসএনএল কে ফের চাঙ্গা করার জন্য ১.৬৪ লাখ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।





