নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা কেন্দ্রের! ৩ টের সময় সাংবাদিক সম্মেলন করবেন সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ পটেল

বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী। মহান এই দেশ প্রেমীর জন্মবর্ষ গোটা বছর ধরে উদযাপন করার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে ভারত সরকার। জন্মজয়ন্তী পালন করার মধ্যে দিয়ে ভারতের প্রতি নেতাজির দায়বদ্ধতা, দেশপ্রেম, অসম সাহসিকতা, ইংরেজ শক্তির বিরুদ্ধে বিপুল লড়াই, দৃপ্ত চেতনা, নেতৃত্ব, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তাঁর তুলনাহীন কৃতিত্বকে  নত মস্তকে, বিনম্র চিত্তে স্মরণ করাই প্রধান লক্ষ্য।

নেতাজির জন্মদিবস ২৩শে জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকেভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর এবার তার আগে বাংলা তথা দেশের এই আইকনের জন্মদিন উপলক্ষে বড় ঘোষণা করল কেন্দ্র।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নেতাজির জন্মদিবসকে এবার থেকে ‘পরাক্রম দিবস’ হিসাবে পালন করবে কেন্দ্রীয় সরকার। গোটা দেশের সঙ্গে বিদেশেও উজ্জাপিত হবে দিনটি।

উল্লেখ্য, আগামী এক বছর ধরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতের এই দোর্দণ্ডপ্রতাপ স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নেতাজির জন্মদিন অর্থাৎ ২৩ জানুয়ারি থেকেই এই উদযাপন শুরু হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক কালে বর্তমান কেন্দ্রীয় সরকার নেতাজিকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যেমন, ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে রেড ফোর্টে নেতাজি মিউজিয়ম করা হবে। যার কাজ শুরু হয়ে গিয়েছে। সব চেয়ে বড় কথা, নেতাজি সংক্রান্ত অপ্রকাশিত ফাইল জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্তও নিয়েছে ভারত সরকার।

আজ সেই বিষয়ে দুপুর ৩টের সময় সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ পটেল-এর।

প্রসঙ্গত উল্লেখ্য, নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে সরব পশ্চিমবঙ্গ। নেতাজিকে শ্রদ্ধা জানাতে তাঁর জন্মদিন ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত নভেম্বরে এই দাবিতে মোদীকে চিঠি দিয়েছেন তিনি।

আর তারপর‌ই আজ অর্থাৎ মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানকে স্মরণ করে এবার থেকে তাঁর জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে পালন করবে কেন্দ্রীয় সরকার। গোটা দেশের সঙ্গে বিদেশেও পালিত হবে নেতাজির জন্মদিন।

 

 

RELATED Articles