Yash Dashgupta and Nusrat Jahan: যশ-নুসরতের গাড়িতে হামলা, ভাঙা হল গাড়ির কাঁচ! বিপদের মুখে এই জুটি

বিগত বেশ কিছুদিন ধরেই পেজ থ্রি-র শিরোনামে উঠে এসেছে দুই তারকার নাম, যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের টানাপড়েন এখন সোশ্যাল মিডিয়া জেরবার। নিখিলের সঙ্গে নুসরতের বৈবাহিক সম্পর্কে লেগেছে বিচ্ছেদের ছোঁয়া। একে অপরকে ইনস্টাগ্রাম থেকেও আনফলো করে দিয়েছেন তাঁরা। শোনা যাচ্ছে, যশের সঙ্গে নুসরতের অতিরিক্ত ঘনিষ্ঠতাই রয়েছে নিখিল-নুসরতের সম্পর্ক ছেদের নেপথ্যে।

এরই মধ্যে ঘটল অন্য এক বিপত্তি। একসঙ্গে ছবি করার পর এবার একসঙ্গে শো করতেও শুরু করেছেন যশ ও নুসরত। এই শো করতে যাওয়ার পথেই তাদের গাড়িতে হল হামলা। ভাঙা হল গাড়ির কাঁচ।

জানা গিয়েছে, সম্প্রতি কুলগাছিতে শো করতে যাচ্ছিলেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। শো করতে যাওয়ার সময়ই ঘটল বিপদ। যাওয়ার পথে গাড়ি থেকে নেমে রাস্তায় চা খেতে দাঁড়ান এই জুটি। অভিযোগ, কিছুক্ষণ পর আচমকাই তাঁরা লক্ষ্য করেন যে তাদের গাড়ির কাঁচ ভাঙা রয়েছে। কিন্তু কীভাবে এই ঘটল, বা কারাই বা এর পেছনে রয়েছে, এ বিষয়ে কিছুই জানেই না যশ বা নুসরত দুজনেই। এও জানা গিয়েছে যে, যশ ও নুসরতের সঙ্গে অন্য যে গাড়িগুলি ছিল, সেই গাড়িগুলিতেও অল্পবিস্তর ক্ষতি করা হয়েছে। কিন্তু এই কাণ্ড কারা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।

‘এসওএস’ ছবি মুক্তি পাওয়ার পর থেকেই যশ ও নুসরতের সম্পর্ক নিয়ে শোরগোল শুরু হয়। পর্দার বাইরেও তাদের দুজনের গাঢ় রসায়ন চোখে পড়ে দর্শকের। এমনকি দুজনের একসঙ্গে রাজস্থানে রোড ট্রিপ করতে যাওয়ার কথাও কানে এসেছে। তবে এই নিয়ে মুখ খুলতে নারাজ অভিনেতা-অভিনেত্রী দুজনেই। যশের স্পষ্ট জবাব, নুসরতের ব্যক্তিগত জীবনে কী হচ্ছে না হচ্ছে, তা যেন ওঁকে জিজ্ঞেস না করা হয়। এদিকে নুসরতও জানিয়েছেন যে, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে তিনি রাজী নন। তাঁর কাজের ক্ষেত্রে যদি কোনও প্রশ্ন ওঠে, তাহলে তিনি অবশ্যই জবাব দেবেন, কিন্তু তাঁর ব্যক্তিগত পরিসরে যেন কেউ না ঢোকে।

RELATED Articles