সমাজ বদলাচ্ছে। কিন্তু মানুষের মানসিকতার কী পরিবর্তন হচ্ছে? এখনও বিয়ের পর নববধূকে পোশাক নিয়ে সাবধান করা হয়। তবে বিয়ের পর জিন্স পরতে না দেওয়ায় স্বামীকে খুন হতে হ’ল এই প্রথম।
ঘটনাটি ঘটেছে জামতারা থানা সীমানার অন্তর্গত জোড়ভিথা গ্রামে। বিয়ের পর নববধু জিন্স পড়ায় আপত্তি ছিল স্বামীর।যার জেরে স্বামীকে কুপিয়ে খুন করলেন স্ত্রী। ইতিমধ্যেই তদন্ত করতে শুরু করেছে পুলিশ।
জানা যাচ্ছে, গত শনিবার রাতে পুষ্পা হেমব্রম নামক ওই মহিলা জিন্স পরে মেলা দেখতে গিয়েছিলেন। যখন তিনি বাড়িতে ফেরেন, তখন তার স্বামী পুষ্পার জিন্স পরা নিয়ে আপত্তি জানায়। স্ত্রীকে জিজ্ঞাসা করেন, কেন তিনি বিয়ের পর জিন্স পরেছিলেন। যা নিয়ে শুরু হয় বিবাদ। তারপর ঝগড়াঝাটির মাঝে তরুণী স্বামীর দিকে ছুরি হাতে ছুটে যায়। আঘাত করার সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
নববধূ অভিযোগ করেছেন , বিয়ের আগে পোশাক নিয়ে কোনও কথা বলা হয়নি তাঁকে। বিয়ের পর থেকে পাশ্চাত্য পোশাকের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ হতে থাকে। রক্ষণশীল পরিবারের সন্তানের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল তাঁর। মৃতের বাবা কর্ণেশ্বর টুডু বলেন, ‘আমরা ছেলে এবং বউমার মধ্যে জিন্স পরা নিয়ে ঝগড়াঝাটি চলছিল। উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে ছুরি দিয়ে আমার ছেলের উপর হামলা চালায়।’ পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গৃহবধূকে গ্রেফতার করেছে।





