পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর ৩২৯ কোটি ৬৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা (ইডি)। ২০১৮ সালে সামনে আসে নীরব মোদী ও মেহুল চোক্সির আর্থিক জালিয়াতির খবর।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আর্থিক জালিয়াতির কারনে অপরাধী মোদী এখনও পলাতক। এক বিবৃতিতে তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে, মুম্বাইয়ের ওরলির সমুদ্র মহলের কাছে চারটি ফ্ল্যাট, জয়সলমীরে একটি উইন্ড মিল, আলিবাগে সমুদ্রের পাড়ে খামার বাড়ি, জমি, সংযুক্ত আরব আমিরশাহিতে একটি ফ্ল্যাট, লন্ডনের একটি ফ্ল্যাট, ব্যাঙ্ক ডিপোজিট, শেয়ার সব মিলিয়ে প্রচুর পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
মুম্বাইয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিপুল পরিমাণ টাকা তছরুপের কারনে নীরব মোদী সহ তাঁর আত্মীয় মেহুল চোক্সির বিরুদ্ধে তদন্ত করছে ইডি। গত ৮ই জুন মুম্বাইয়ের আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে নীরব মোদির সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা প্রদান করে। এরপরই মাঠে নামে বিশেষ দল। সিবিআই ও ইডির যৌথ তদন্তের মাধ্যমে জানা গিয়েছে, নীরব মোদি টাকা তছরুপের একটি মোটা টাকার অংশ নিজের আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখেছেন। ২০১৯ সালের ৫ই ডিসেম্বর মুম্বাইয়ের ওই বিশেষ আদালত নীরবকে পলাতক টাকা তছরুপের অপরাধে অপরাধী বলে ঘোষণা করেছে।





