কেন‌ও ছাড়তে হয়েছিল স্বপ্নের কেকেআর? বাদশার বিরুদ্ধে বিস্ফোরক মহারাজ!

২০১০ সাল পর্যন্ত বাংলার মহারাজ যুক্ত ছিলেন শাহরুখ খানের স্বপ্নের আইপিএল টিম কেকেআর-এর সঙ্গে। আইপিএলের প্রথম মরসুমে কেকেআরের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০১০ সাল পর্যন্ত কেকেআরের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু তাঁর অধিনায়কত্বে সাফল্য অধরাই থেকে যায় কলকাতার। দায় ভার গিয়ে পড়ে কলকাতার প্রিন্স এর উপর। যার ফলস্বরূপ ২০১১ সালে কোপ পরে সৌরভের উপর। তাঁকে ছেঁটে দলের অধিনায়ক করা হয় গৌতম গম্ভীরকে। কেকেআরকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করেন দেশের এই প্রাক্তন ওপেনার। সম্প্রতি গম্ভীর জানিয়েছিলেন তাঁকে দলের দায়িত্ব দিয়ে শাহরুখ খান বলেছিলেন এটা তোমার দল। তুমি গড়তেও পারো, আবার ভাঙতেও পারো। আমি মাথা গলাব না।’ কিন্তু শাহরুখ গম্ভীরকে যে স্বাধীনতা দিয়েছিলেন তা দেননি সৌরভকে।

এমনই বিস্ফোরক অভিযোগ করলেন খোদ মহারাজ। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সৌরভ সরাসরি জানান,’কিছুদিন আগেই দেখছিলাম গম্ভীর বলেছে যে, শাহরুখ ওঁকে নিজের মতো করে দল চালাতে বলেছিল। এও বলেছিল যে দলের বিষয়ে ও নাক গলাবে না। চতুর্থ বছরে এসে এটা ওর মনে হয়েছিল। অথচ প্রথম বছরে ঠিক এটাই আমি চেয়েছিলাম। তবে পাইনি।’ সৌরভ আরও বলেন, ‘সেরা আইপিএল ফ্র্যাঞ্চাইজি সেগুলিই, যারা ক্রিকেটারদের উপরেই দল ছেড়ে দেয়। চেন্নাইয়ের দিকে তাকাও, ধোনি দল চালায়। মুম্বই কখনও রোহিতকে বলে না যে, একে দলে নাও, ওকে দলে নাও।’ এর পাশাপাশি শাহরুখ চতুর্থ বছরে গিয়ে গম্ভীরকে যে স্বাধীনতা দিয়েছিল তারও প্রশংসা করেছেন সৌরভ।

কেকেআর দল নিয়ে সম্প্রতি আরও একটি বিতর্ক সামনে এসেছিল যে, তৎকালীন কেকেআর কোচ জন বুকানন সৌরভকে অধিনায়কত্ব থেকে সরাতে চেয়েছিলেন। গ্রেগ চ্যাপেলের পর তিনি আরও এক অজি কোচ যিনি দল থেকে সৌরভকে ছেঁটে ফেলতে চেয়েছিলেন। সেই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘চিন্তা-ভাবনার তফাৎটাই এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। কোচের মনে হয়েছিল চার জন ক্যাপ্টেন দরকার। সমস্যা তৈরি হয় প্রথম মরশুমের শেষ দিকে। সমস্যা আমাকে নিয়ে ছিল না। কোচের কাছে সমস্যা ছিল একটা ক্যাপ্টেনে দল পরিচালনার সিস্টেম নিয়ে। কিন্তু পরে ওকেই সরে যেতে হয়।’ কিন্ত কেকেআরে অধিনায়ক হিসেবে স্বাধীনতা নিয়ে খর্ব করা নিয়ে শাহরুখ খানের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তার জল অনেক দূর পর্যন্ত গড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

RELATED Articles

Leave a Comment