সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতির পর লেফটেন্যান্ট গভর্নর! মৃত্যুদণ্ড রুখতে এবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের শরণাপন্ন হল নির্ভয়াকাণ্ডের অপরাধী বিনয় শর্মা।
সূত্রের খবর, দোল উৎসবের দিন, সোমবার বিনয় শর্মা দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছে। বিনয়ের আইনজীবী এপি সিং তাঁর মক্কেলের হয়ে লেফটেন্যান্ট গভর্নরকে জানিয়েছেন, বিনয় শর্মাকে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। গত ৭ বছর ধরে সে জেল খেটেছে, পুলিশি নির্যাতনের শিকার হয়েছে বলেও অনিল বৈজালের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছেন আইনজীবী এপি সিং। একইসঙ্গে বিচার ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তাঁর অভিযোগ, বিনয় অতি দরিদ্র পরিবারের সন্তান। এই আর্থ-সামাজিক পরিস্থিতিতে অবস্থানের জন্যই তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে বলে আইনজীবির দাবি।





