আজ, বৃহস্পতিবার সংসদে পেশ হল অন্তর্বর্তীকালীন বাজেট। লোকসভা ভোটের আগে এটাই শেষ বাজেট। ফলে স্বাভাবিকভাবেই এই বাজেটের দিকে নজর ছিল দেশবাসীর। সাধারণ মানুষের জন্য এই বাজেটে কী কী ঘোষণা করা হয়, তা নিয়ে নানান জল্পনা-কল্পনা চলছিলই। এই বাজেটে যে বেশ নাটকীয় ঘটনা ঘটতে চলেছে, তা জানাই ছিল। তেমনটাই হল।
দেখে নেওয়া যাক কী কী ঘোষণা হল বাজেটে-
- বাড়ানো হবে বিকল্প শক্তির ব্যবহার। বাড়ির ছাদে সৌরপ্যানেল লাগানোর ব্যবস্থা করা হবে। প্রতি মাসে ৩০০ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ পাবে ১ কোটি পরিবার। ফলে পরিবারগুলি প্রতি মাসে ১৫ হাজার থেকে ১৮ হাজার টাকা বাঁচাতে পারবে।
- মধ্যবিত্তদের জন্য বাড়ি তৈরির সুযোগ। ভাড়া বাড়ি বা বস্তিতে থাকেন এমন মানুষদের জন্য নিজের বাড়ি তৈরির সুযোগ দিতে নতুন প্রকল্প। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ২ কোটি বাড়ি তৈরির ঘোষণা।
- দেশের মহিলারা সার্ভাইক্যাল ক্যান্সারের ভ্যাকসিন নিতে পারবেন। মহিলা ও শিশুদের স্বাস্থ্যের জন্য একাধিক প্রকল্প কার্যকর হবে।
- সমস্ত আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। আরও হাসপাতাল, মেডিক্যাল কলেজ তৈরির পরিকল্পনা করা হয়েছে।
- প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা ৩৮ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। মাইক্রো ফুড প্রসেসিংয়ে ক্রেডিট লিঙ্কেজ করা হবে। কৃষকদের উৎপাদন ও আয় বাড়ানো হবে। মর্ডান স্টোরেজ, প্রাইভেটাইজেশন করা হবে।
- মৎস সম্পদকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।প্রতি হেক্টরে ৩ থেকে ৫ টন মাছ উৎপাদন করা হবে। ১ লক্ষ কর্মসংস্থান করা হবে।
- যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ৪০ হাজার রেলবগিকে বন্দে ভারত স্ট্যান্ডার্ডে পরিবর্তিত করা হবে।
- লাক্ষাদ্বীপ-সহ দেশের দ্বীপগুলিতে ট্যুরিজম তৈরি করা হবে। ২০১৪ থেকে ২০২৪ বিদেশি বিনিয়োগ ছিল ৫৯৬ কোটি ডলার, যা ২০০৫ থেকে ২০১৩ সালের বিনিয়োগের দ্বিগুণ ছিল।
- টেক স্যাভি যুব সমাজের জন্য স্বর্ণযুগ হবে। ১ লক্ষ কোটির কর্পাস তৈরি হবে। ৫০ বছর সুদ মুক্ত ঋণ দেওয়া হবে। দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হবে, যার সুদ নামমাত্র বা থাকবেই না।
- ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর নেই। রিটেল বিজনেস ২ কোটি থেকে বেড়ে ৩ কোটি হয়েছে।
- অন্তর্বর্তী বাজেট হওয়ায় এবার আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন আনা হয়নি। প্রত্যক্ষ ও পরোক্ষ করের ক্ষেত্রে একই আয়কর কাঠামো থাকবে। মার্চ মাস পর্যন্ত কয়েকটি ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছিল। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত সেই ছাড় কার্যকর করা হতে পারে।





