আজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র তরফে করা হল একটি বড় ঘোষণা। এবার থেকে সব সেভিংস অ্যাকাউন্টই হয়ে যাবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। এমনটাই জানানো হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে। এতদিন বিভিন্ন এলাকার বিভিন্ন শাখার অ্যাকাউন্ট-এ বিভিন্ন মিনিমাম ব্যালেন্স রাখতে হত। মাসে গড় মিনিমাম ব্যালেন্স-এর কম হলে তার জন্য চার্জ কাটত এসবিআই। এখন থেকে এই নিয়ম আর থাকছে না। ফলে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স না রাখলেও গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত চার্জ নেওয়া হবে না। এর ফলে উপকৃত হবে দেশের বৃহত্তম ব্যাঙ্কের ৪৪.৫১ কোটি গ্রাহক।
এতদিন এসবিআই শাখার এলাকা অনুসারে বিভিন্ন মিনিমাম ব্যালেন্স রাখতে হত এসবিআই-এর সেভিংস অ্যাকাউন্টে, যেমন – মেট্রো শহর-এ ৫০০০ টাকা, শহরাঞ্চলের অ্যাকাউন্টে ন্যূনতম ৩০০০ টাকা, উপশহরাঞ্চল-এর অ্যাকাউন্টে ন্যূনতম ২০০০ টাকা এবং গ্রামের অ্যাকাউন্ট হলে ন্যূনতম ১০০০ টাকা।
প্রসঙ্গত, স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে মেট্রো এবং শহরাঞ্চলে ১০ থেকে ১৫ টাকা পণ্য ও পরিষেবা কর দিতে হত। উপশহরাঞ্চল অর্থাৎ সেমি আর্বান অঞ্চলে সাড়ে সাত টাকা থেকে ১২ টাকা চার্জ ও জিএসটি দিতে হত। গ্রামাঞ্চলে অর্থাৎ রুরাল অঞ্চলে ৫ টাকা থেকে ১০ টাকা চার্জ ও জিএসটি দিতে হত। এখন থেকে আর কোনও চার্জই দিতে হবে না।





