অমিত শাহ নন, পুজোর আগে একদিনের সফরে বাংলায় আসছেন জগৎপ্রকাশ নাড্ডা!

দুর্গাপুজোর উদ্বোধনে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। কিন্তু তারও আগে বঙ্গে পা রাখতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)‌‌‌‌ এমন‌ই খবর পাওয়া গিয়েছিল। কিন্তু হঠাৎ‌ই মত বদল। শাহ নন। আসন্ন দুর্গা পুজোর আগে বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (Jagat prakash Nadda)। আগামী ১৯শে অক্টোবর একদিনের সফরে শিলিগুড়ি আসবেন তিনি। সেখানে একাধিক দুর্গামণ্ডপ ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাঁর। কিন্তু এই যাত্রায় হয়ত কলকাতায় পা রাখবেন না তিনি। আজ অর্থাৎ বুধবার বিজেপির তরফে এমনটাই জানানো হয়েছে।

অথচ খবর পাওয়া গিয়েছিল প্রায় ৩ সপ্তাহ আগে দিল্লিতে আয়োজিত এক বৈঠকে অমিত শাহ ইচ্ছে প্রকাশ করেছিলেন বাংলায় আসার। আর তাই পুজোর আগেই তিনি বাংলায় (West Bengal) আসবেন ধরে নিয়ে জোর কদমে প্রস্তুতি নেওয়া শুরু করেছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। বিজেপির চাণক্য যে ১৭ বা ১৮ অক্টোবর শিলিগুড়িতে আসছেন, তা প্রায় চূড়ান্ত‌ই ছিল। কিন্তু হঠাৎই সিদ্ধান্ত বদল। বিজেপি সূত্রে আরও জানানো হয়েছিল, পুজোর পরে রাজ্য সফরে আসবেন জেপি নাড্ডা। কিন্তু অমিত শাহের ব্যস্ততার জন্য পরিকল্পনা গেল উলটে।

বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু জানিয়েছেন, ১ দিনের সফরে আগামী ১৯ অক্টোবর অর্থাৎ তৃতীয়ায় শিলিগুড়ি আসবেন নাড্ডা। সেখানে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। সঙ্গে বৈঠক করবেন রাজবংশী ও গোর্খাদের সঙ্গে। লোকসভা নির্বাচনের পর বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে তৃণমূলকে সমূলে উৎপাটন করতে মরিয়া বিজেপি। তার জন্য আঞ্চলিক ভাষা ও সম্প্রদায়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি।

জানা গিয়েছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বঙ্গ ভ্রমনের পিছনে ছিল বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন। আর সেই বিষয়ে আলোচনা করতেই পুরো উত্তরবঙ্গের (North Bengal) বিজেপি নেতৃত্বকে নিয়ে বৈঠক বসার কথা ছিল তাঁর।

অন্যদিকে দিল্লি থেকে জানা গিয়েছে, নবরাত্রি উপলক্ষ্যে আগামী ১৭ই অক্টোবর গুজরাত যাবেন অমিত শাহ। নিজের রাজ্যে নবরাত্রি উজ্জাপন করবেন তিনি। সঙ্গে জানা গিয়েছে, পুজোর পর পশ্চিমবঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

RELATED Articles