বিদেশে ঘুরতে গিয়ে যদি এক বাঙালীর অন্য এক বাঙালীর সঙ্গে দেখা হয়ে যায়, তবে তাদের দেখে মনে হয় তারা কতদিনের আপন। অচেনা হলেও দুজনের মধ্যে আলাপচারিতা দেখে তা বোঝবার জো থাকে যে, ওনারা আসলে পূর্বপরিচিত নন। আসলে বাঙালি আলাপ জমাতে ভালবাসে, তাই যখনই নিজের মনের মতো কাউকে পায়, বিশেষত বিদেশ বিভূঁইয়ে, তখন অচেনা কোনও বিদেশীর থেকে অচেনা বাঙালীর সঙ্গেই সময় কাটাতে চান বেশী মাত্রায়।
এই গোত্র থেকে কিন্তু বাদ পড়েননি আমাদের তারকাও। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহিতে চলছে আইপিএল। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি সেই সূত্রে এখন রয়েছেন আমিরশাহিতে। অপরদিকে, সেখানেই সময় কাটাচ্ছেন টলিউডের নায়ক দেব। দুই বাঙালি একই জায়গায় অথচ দেখা সাক্ষাৎ হবে না, এমন হয় নাকি? দুবাইতে একই ফ্রেমে ধরা দিলেন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও অভিনেতা তথা সাংসদ দেব ওরফে দীপক অধিকারী।
দেবের সঙ্গে ছিলেন তার বান্ধবী রুক্মিণীও। বালির দেশে বেশ ভালো আড্ডা জমিয়ে দেন দুই বাঙালি তারকা। দেদার চলে দুপুরের খাওয়াদাওয়ার পর্বও। বিদেশের মাটিতে চেনা মানুষের সঙ্গে দেখা হওয়ার অনুভূতি যে ঠিক কতটা আনন্দময় হয়, তা-ই নিজের টুইটারে ব্যক্ত করেছেন দেব। লিখেছেন, “দারুন সময় কাটল। সঙ্গে লাঞ্চ। দাদার সঙ্গে দেখা হওয়া সবসময় স্পেশাল আমার কাছে। যেন মনে হচ্ছে বাড়ি থেকে দূরে থেকেও অন্য আর এক বাড়িতে রয়েছি”।
দেবের এই পোস্ট দেখে স্বভাবতই উচ্ছ্বসিত তার ভক্তমহল। তাদের মধ্যে অনেকেই আবার দাদা ওরফে সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করেছেন যে দেব ও রুক্মিণী আইপিএল-এর কোনও খেলা দেখতে যাবেন কী না?





