লোকসভা নির্বাচনের আগেই কার্যকর হবে কী CAA? এবার অনলাইনেই করা যাবে আবেদন, শীঘ্রই জারি হবে বিজ্ঞপ্তি

সামনেই লোকসভা নির্বাচন। এর আগেই দেশে কার্যকর হতে পারে নাগরিকত্ব সংশোধনী আইন। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, লোকসভা নির্বাচনের আগে জারি হবে এই নিয়ে বিজ্ঞপ্তি। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই সিএএ নিয়ে বিজ্ঞপ্তি ঘোষণা হতে পারে।  

২০১৯ সালে নতুন নাগরিকত্ব ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রস্তাব এনেছিল কেন্দ্র। এই নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয়েছিল, ২০১৫ সালের আগে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত অ-মুসলিম অর্থাৎ হিন্দু, জৈন, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে। 

তবে পরবর্তীতে এই বিল নিয়ে নানান বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত সংসদে এই বিল পাশও হয়েছিল। তবে আইনে পরিণত হলেও, সিএএ-র ধারাগুলি তৈরি হয়নি এখনও পর্যন্ত। কেন্দ্র এবার সেই ধারা নিয়েই কাজ শুরু করছে বলে খবর।

এক উচ্চপদস্থ সরকারি আমলা সূত্রে খবর, কেন্দ্রীয় সরকার লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। সেই আমলার কথায়, ইতিমধ্যেই নিয়ম তৈরি হয়ে গিয়েছে। অনলাইন পোর্টালও তৈরি হয়েছে। এই গোটা প্রক্রিয়া অনলাইনেই করা হবে বলে খবর।

জানা গিয়েছে, আবেদনকারীদের পরতালে জানাতে হবে যে তারা কোন সালে বিনা নথিতে ভারতে প্রবেশ করেছেন। কোনও নথি চওয়া হবে না তাদের থেকে। বাড়িতে বসেই মোবাইল থেকে কোনও নথি জমা না দিয়েই সিএএ-র জন্যে আবেদন করা যাবে। তবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সেই ব্যক্তির দাবীর বিষয়টি খতিয়ে দেখবে।  

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে নানান কেন্দ্রীয় মন্ত্রীদের মুখেই বারবার সিএএ-র কথা শোনা গিয়েছে। কিছুদিন আগে বাংলায় এসেও অমিত শাহ দাবী করেছেন যে দেশে সিএএ লাগু হবেই। এবার জানা গেল, লোকসভা নির্বাচনের আগেই জারি হবে সিএএ নিয়ে বিজ্ঞপ্তি।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই সিএএ-র বিরোধিতা করে এসেছেন। তাঁর কথায়, “নাগরিক না হলে সকলে রেশন সহ অন্যান্য পরিষেবা পাচ্ছেন কীভাবে? নাগরিকত্ব নিয়ে সাধারণ মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সমাজের বিভিন্ন শ্রেণির মধ্য়ে বিভাজন তৈরির চেষ্টা চলছে। এটা তো করা উচিত নয়”।

RELATED Articles