সরকারি চাকরির ক্ষেত্রে নেওয়া হবে অভিন্ন অনলাইন প্রবেশিকা, ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি গঠন করল কেন্দ্র

চাকরিপ্রার্থীদের জন্য এবার সুখবর দিল কেন্দ্র। প্রথমেই দীর্ঘ ৩৫ বছর পরে জাতীয় শিক্ষানীতির আমূল পরিবর্তন করে দেশকে উন্নতির পথে আরো একধাপ এগিয়ে নিয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার।

এবার কর্মক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রেও মোদী সরকার আনছে বড়সড় পরিবর্তন ৷ চাকরি ক্ষেত্রে বদলে যেতে চলেছে নিয়োগের সমস্ত নিয়মকানুন। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকে প্রস্তাবিত ন্যাশনাল রিক্রুইটমেন্ট এজেন্সি গঠনের জন্য অনুমোদন দিল নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা ৷

সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন যে, দেশে চাকরি প্রার্থী নিয়োগের জন্য ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি গঠন করা হতে চলেছে। যোগ্য চাকরিপ্রার্থীরা এর ফলে যথেষ্ট সুবিধা পাবেন। এতদিন নন-গেজেটেড বিভিন্ন পদে আলাদা আলাদা করে পরীক্ষা নেওয়া হতো। কিন্তু এবার ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি মাধ্যমে একটি পরীক্ষা নেওয়া হবে যার নাম কমন এলিজিবিলিটি টেস্ট। এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন শূন্যপদে ও পাবলিক সেক্টর ব্যাঙ্কে যোগ্য কর্মপ্রার্থীদের নিয়োগ করা হবে ৷

ভারতে প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির জন্য আলাদা আলাদা ভাবে পরীক্ষা দেয় প্রায় আড়াই কোটি সরকারি চাকরি প্রার্থী। কিন্তু এবার এই অভিন্ন সর্বভারতীয় অনলাইন প্রবেশিকা নিয়োগ করা হবে এই সরকারি চাকরিগুলোতে।

এই পরীক্ষায় প্রাপ্ত নম্বর দিয়ে বিভিন্ন সরকারি দপ্তর ও পাবলিক সেক্টর ব্যাংক শূন্য পদ পূরণ করা হবে। এর ফলে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরীক্ষার জন্য বারংবার পরীক্ষার আয়োজন করার যে খরচ তার থেকে মুক্তি পাবে। চাকরিপ্রার্থীরাও বার বার পরীক্ষার ফর্ম ফিলাপ, পরীক্ষা দিতে বিভিন্ন কেন্দ্রে ছুটে যাওয়া এমন হয়রানি থেকে মুক্তি পাবেন ৷

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে যে বছরে এই পরীক্ষা দুবার হবে এবং মোট ১২ টি ভাষায় এই পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি জেলার হেডকোয়ার্টারে এই পরীক্ষার সেন্টার পড়বে। মোট ১০০০ টি সেন্টার তৈরি করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী ফিয়ের ক্ষেত্রে বিভিন্ন ছাড় থাকলেও বয়সের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না।

আরও অন্যান্য খবর