এবার বন্ধ হল রান্নার গ্যাসের ভর্তুকি। মে মাসে রান্নার গ্যাস সিলিন্ডার নিলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি বাবদ কোনও টাকা জমা পড়বে না। কারণ ভর্তুকিহীন সিলিন্ডারের যা দাম হয়েছে তা ভর্তুকির থেকে কম। কলকাতায় যে সমস্ত গৃহস্থ গ্রাহক রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য ভর্তুকি পান, তাঁরা গত মাসে সিলিন্ডার নেওয়ার পর তাঁদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি বাবদ যা পেয়েছেন চলতি মাসে ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম তার থেকেও বেশি কমেছে।
জানা গিয়েছে, কলকাতায় গৃহস্থ গ্রাহকরা গত মাসে সিলিন্ডার নেওয়ার পর তাঁদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি বাবদ ১৮৯ টাকা ৫৭ পয়সা পেয়েছেন এবং মে মাসে ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম তার থেকেও ১৯০ টাকা বেশি কমেছে।
তবে রান্নার গ্যাসে ভর্তুকি একেবারে তুলে দেওয়া হচ্ছে না। জুন মাসে সিলিন্ডারের দাম বাড়লে গ্রাহকরা ফের ভর্তুকি পেতে পারেন। জুনে রান্না করা গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার সম্ভাবনা প্রবল। অপরদিকে রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, উজ্জ্বলা গ্রাহকরা এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাস বিনা খরচে ৩টি রিফিল পাবেন।
ইন্ডিয়ান অয়েলের এগজিকিউটিভ ডিরেক্টর তথা পশ্চিমবঙ্গে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির কো-অর্ডিনেটর প্রীতীশ ভরত জানিয়েছেন, “এপ্রিলের তুলনায় মে মাসে কলকাতায় ভর্তুকিবিহীন গার্হস্থ্য ১৪.২ কিলো সিলিন্ডারের দাম ১৯০ টাকা কমে হয়েছে ৫৮৪ টাকা ৫০ পয়সা। গত মাসে যাঁরা সিলিন্ডার নিয়েছেন তাঁরা যে অর্থ ভর্তুকি বাবদ ১৮৯ টাকা ৫৭ পয়সা পেয়েছেন, মে মাসে তার থেকে ৪৩ পয়সা দাম কমেছে। যার দরুণ,মে মাসে সিলিন্ডার নিলে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি বাবদ কোনও অর্থ ঢুকবে না। তবে আগামী মাসে দাম বাড়লে আবার ভর্তুকি পাবেন।”






