নৈসর্গিক সৌন্দর্যের টানে কাশ্মীর ছুটির তালিকায় থাকেই অনেকের। কেউ প্রিয়জনের সঙ্গে কাটাতে চান নিরিবিলি সময়, কেউ বা নিখাদ প্রকৃতির সান্নিধ্যে নিজেকে খুঁজে নিতে চান। কিন্তু সেই স্বপ্নের ছুটিই অনেকের জীবনে বদলে গেল বিভীষিকায়। নিরীহ মানুষের রক্তে লাল হল পহেলগাঁওয়ের মাটি। শান্তির আশায় যে স্থানকে বেছে নেওয়া হয়, সেখানে এভাবে মৃত্যু হানা দেবে— ভাবতেই পারেননি কেউ।
এপ্রিলের শুরুটা আনন্দে ভরপুর থাকলেও এখন কাশ্মীরের মাটি যেন মৃত্যুর ছায়ায় আচ্ছন্ন। পর্যটকদের কণ্ঠে হাসির বদলে এখন শুধুই আতঙ্ক। বসন্তের বাতাসে মিশে গেছে ধোঁয়া, বন্দুকের গন্ধ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ যেমন অসহায়, তেমনই নিরাপত্তা বাহিনীও তৎপর। সীমান্ত এলাকাগুলিতে পাক বায়ুসেনার অস্বাভাবিক গতিবিধি নজরে এসেছে। একাধিক সেনা ঘাঁটির দিকে উড়তে দেখা গিয়েছে তথ্য পরিবহণের জন্য ব্যবহৃত পাক বায়ুসেনার বিশেষ বিমান।
বিশেষজ্ঞদের মতে, লাহোর ও রাওয়ালপিন্ডির বায়ুসেনা ঘাঁটি থেকে সীমান্ত বরাবর উড়ে যাওয়া এমব্রেয়ার ফেনম ১০০ মডেলের বিমানগুলির উপস্থিতি অস্বাভাবিক। সাধারণত এই ধরনের বিমানগুলি ব্যবহার করা হয় গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশিষ্ট ব্যক্তি পরিবহণের জন্য। পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। যুদ্ধের মেঘ জমছে বলেই মত প্রতিরক্ষা পর্যবেক্ষকদের। যদিও ভারতের তরফে এখনো পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।
এই পটভূমিতেই ঘটে গেল এক ভয়াবহ জঙ্গি হামলা। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে একটি বিলাসবহুল রিসর্টে আচমকাই ঢুকে পড়ে কয়েকজন সশস্ত্র জঙ্গি। প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা ‘জেহাদ’ স্লোগান দিতে দিতে নির্বিচারে গুলি চালায়। বেশ কিছু রাউন্ড গুলি ছোড়া হয়। নিশানা ছিল অমুসলিম পর্যটকেরা। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের, আহত আরও অনেকে। গোটা এলাকা ঘিরে ফেলে সেনা। এখনও চলছে তল্লাশি।
আরও পড়ুনঃ Pahalgam Terror Attack : মাস আগেও ছিল পাকিস্তানে, তারপরই পহেলগাঁওয়ে ভয়াবহ হামলা! নেপথ্যে কাদের ষড়যন্ত্র?
হামলার দায় স্বীকার করেছে TRF বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এই হামলার নেপথ্যে রয়েছে। হামলাকারীদের মধ্যে অধিকাংশই বিদেশি বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বিদেশ সফর বাতিল করে তড়িঘড়ি দেশে ফিরেছেন। আজই তাঁর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাচ্ছেন কাশ্মীরে। গোটা উপত্যকাজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।






