লকডাউন পরবর্তী শিথিলতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাদায়ের হল। মামলাটি করেছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। মামলাকারীর স্পষ্ট বক্তব্য, লকডাউন শুরু হয়েছিল বিশিষ্টদের পরামর্শ মেনে। এখন কেন্দ্র এবং রাজ্য যে লকডাউন শিথিল করছে, আনলক করছে কিন্তু এটা কার পরামর্শ নিয়ে? প্রশ্ন তুলেছেন তিনি।
তাঁর জোরালো দাবি, যেভাবে লকডাউনে শিথিলতা আনা হচ্ছে, তাতে করে সমাজে আরও সমস্যা বাড়বে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করেছেন তিনি। পাশপাশি পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য কী ব্যবস্থা নিচ্ছে? জনস্বার্থ মামলায় তাও জানতে চেয়েছেন অনিন্দ্যসুন্দর। সূত্র মারফত খবর, হয়ত ৫ই জুন প্রধান বিচারপতির ঘরে মামলাটির শুনানি হতে পারে।
উল্লেখ্য, রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৫ হাজারের ঘর। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫৩। রাজ্যে বেড়েছে কনটেইনমেন্ট জোনের সংখ্যাও। রাজ্যে করোনা আক্রান্ত ও কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ার পিছনে রাজ্য সরকার ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের আসার দাবিটিকেই বার বার তুলে ধরতে চাইছে। যদিও এর পাশাপাশি রাজ্যে সুস্থতার হারও বেশ ভালো, ৩৯,৯৫ শতাংশ।
অন্যদিকে, লকডাউন ফাইভের শুরুতেই বেশ বড়সড় ধাক্কা খেয়েছে কেন্দ্র সরকার। আনলকের প্রথম দিনেই বিশ্ব কোভিড লিস্টে একদিনে নবম থেকে সপ্তম স্থানে উঠে আসে ভারত। দেশে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২ লাখ ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ হয়েছে ৮,১৭১ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০৪ জনের। তবে লক্ষ্যণীয় বিষয় হল দেশে করোনা রোগী সুস্থ হওয়ার হারও বেড়ে হয়েছে ৪৮.৭ শতাংশ।





