আশ্চর্য দৃশ্যই বটে! আকাশে উড়তে দেখা যায় সেই যানকে। আর সেই যান কী না আটকে ট্র্যাফিক জ্যামে। ভাবা যায়! এমনই ঘটনা ঘটল বাস্তবে আর সেই দৃশ্য দেখতে ভিড়ও জমল পথচারীদের।
কী ঘটেছে ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে বিহারের মতিহারিতে। স্থানীয় সূত্রে সূত্রে, সড়কপথে মুম্বই থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল একটি বিমানকে। ট্রাকে করে একটি লম্বা পাটাতনের উপর চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বিমানটিকে। কিন্তু রাস্তায় ঘটল এক বিপত্তি। বিহারের মোতিহারি এলাকায় পিপরাকোঠি ব্রিজের নীচে বিমানটি আটকে পড়ে।
সেতুর নীচে বিশালাকার বিমানটি আটকে পড়ায় স্বাভাবিকভাবেই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। যে বিমান আকাশে ও বিমানবন্দরে দেখা যায়, সেই বিমান রাস্তার উপর ট্রাকে করে যাওয়ার খবর পেয়ে সেই দৃশ্য দেখতে ভিড় জমান মানুষ।
ট্রাকচালক ও স্থানীয়দের দীর্ঘক্ষণের চেষ্টায় বিমানটি কোনক্রমে টেনে সেতুর নীচ থেকে বের করা হয়। সেতুর নীচে আটকে পড়ে বিমানটি ক্ষতিগ্রস্তও হয়েছে। বিমানের নানান অংশ তুবড়ে ও ভেঙে গিয়েছে।
#Plane gets stuck under bridge while being transported in #Bihar's Motihari#बिहार के #मोतिहारी में एक हवाई जहाज पिपराकोठी ओवर ब्रिज में फंस गया. इससे सड़क पर ट्रैफिक जाम हो गया। ट्रक ड्राइवर और स्थानीय लोगों की मदद से #विमान के स्क्रैप को बाहर निकाला गया।इस बीच जिसे भी पुल के… pic.twitter.com/e6Xqu9RsuQ
— Neeraj Ranjan (@NeerajRanjan84) December 29, 2023
এটাই প্রথমবার নয়, এর আগেও ঘটেছে এমন ঘটনা। গত বছরের নভেম্বরে এভাবেই রাস্তায় আটকে গিয়েছিল বিমান। কোচি থেকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল বিমানটিকে। আকাশে যে যান উড়তে দেখা যায়, তাকে এভাবে চোখের সামনে অতিকায় চেহারায় দেখে স্বাভাবিকভাবেই সাধারণ পথচারীরা বেশ হতবাক হয়ে যান। এবার সেই ঘটনার সাক্ষী থাকল বিহার।





