স্নেহের প্রতিদান! মা-কে ঠকিয়ে পলিসির সব টাকা তুলে নিল গুণধর ছেলে, অভিযুক্ত বিমা এজেন্টও

আজকাল সাইবার প্রতারণার কথা মাঝেমধ্যেই সামনে আসে। নানান ভুয়ো অ্যাপের ফাঁদে পড়ে টাকা খোয়ান অনেকেই। এমন সাইবার জালিয়াতি দিনদিন বাড়ছে। কিন্তু এবার নিজের ছেলের কাছেই প্রতারণার শিকার হলেন মা। মায়ের সই জাল বিমা কোম্পানির এজেন্টের মাধ্যমে পলিসির সব টাকা হাতিয়ে নিল ছেলে, এমনটাই অভিযোগ।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে তারকেশ্বরে। তারকেশ্বর থানা এলাকার মনোহরপুর গ্রামের বাসিন্দা আনোয়ারা বিবি। জানা গিয়েছে, খোদ নিজের সন্তানেরই প্রতারণার ফাঁদে পড়েছেন তিনি। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা তারক পাত্র নামের এক বিমা কোম্পানির এজেন্টের থেকে দুটি পলিসি কিনেছিলেন আনোয়ারা বিবি। বছরে দুবার তারকের কাছে প্রিমিয়ামের টাকা জমা করতেন তিনি। প্রতি বছর প্রিমিয়াম বাবদ ২৩ হাজার টাকা দিতেন তিনি।

সম্প্রতি সেই পলিসি বন্ড জমা রেখে ঋণ নিয়েছিলেন আনোয়ারা। ঋণের টাকা শোধ হওয়ার পর পলিসির টাকা জমা করতে গেলে আসল সত্যি সামনে আসে তাঁর। তিনি টাকা জমা করতে গিয়ে জানতে পারেন যে নির্দিষ্ট মেয়াদের আগেই তাঁর সই দিয়েই পলিসির সব টাকা তুলে ফেলা হয়েছে। আর সেই টাকা ঢুকেছে তাঁর ও তাঁর ছেলের নামের জয়েন্ট অ্যাকাউন্টে। আর সেই অ্যাকাউন্ট থেকে আবার সব টাকা তুলেও নিয়েছে আনোয়ারা বিবির গুণধর ছেলে জাভেদ। এই ঘটনায় বিমা কোম্পানির এজেন্টকেও দায়ী করেছেন ওই মহিলা।  

কী জানাচ্ছেন আনোয়ারা বিবি?

আনোয়ারা বলেন, “বিমা কোম্পানির গাফিলতি রয়েছে। আমার সই যাচাই না করে কীভাবে টাকা পাঠাল? এজেন্ট আমার ছেলের সঙ্গে যোগাসাজোশ করে আমার সই নকল করে জমা দিয়েছেন। আমার ছেলে অন্য রাজ্যে সোনার কাজ করে। আমি পুলিশ ও বিমা কোম্পানিকে অভিযোগ জানিয়েছি। এবার দেখা যাক, কী হয়”।

এদিকে, ওই বিমা কোম্পানির এজেন্ট বলেন, “সই সঠিক মনে হওয়ার কারণে আমি তা অফিসে জমা দিয়েছি। সই যাচাই করার দায়িত্ব বিমা কোম্পানির, আমার নয়। এমন ঘটনা সত্যি হয়ে থাকলে বিমা কোম্পানির উপর মানুষের বিশ্বাস নষ্ট হবে। অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেওয়া উচিত”।

এই ঘটনা সম্পর্কে বিমা সংস্থার স্থানীয় শাখার ম্যানেজার নিখিলেশ বিশ্বাস জানিয়েছেন, তাঁর কাছে এখনও কোনও অভিযোগ আসেনি। তিনি অভিযোগ পেলে এই বিষয়টি খতিয়ে দেখা হবে।

RELATED Articles