আজ সকালে আচমকা লেহ’তে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পৌঁছেই তিনি জানান, গালওয়ান সংঘর্ষে আহত জওয়ানদের সঙ্গে দেখা করবেন। সেইমত জওয়ানদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। দেশের এই বীর সন্তানদের কুর্নিশ জানিয়েছেন মোদী।
লেহ-র সেনা হাসপাতালে গিয়ে আহত জওয়ানদের সঙ্গে আলাপচারিতা সারেন মন্ত্রী। পরে জওয়ানদের উদ্দেশ্যে মোদী বলেন, ‘যে বীররা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাঁরা কোনও কারণ ছাড়া যাননি। আপনারা সবাই মিলে যোগ্য জবাব দিয়েছেন।’
তিনি আরও জানিয়েছেন যে, বিশ্বের কোনও শক্তির কাছে ভারত পরাস্ত হয়নি, সেই কৃতিত্বের অধিকারী হল দেশের সেনাবাহিনী। তাঁর কথায়, “আমি আপনাদের শুধু নমস্কার জানাতে এসেছি। আপনাদের ছুঁয়ে আপনাদের দেখে উদ্যম ও অনুপ্রেরণা নিয়ে ফেরত যাচ্ছি। ভারত আত্মনির্ভর হবেই। বিশ্বের কোনও শক্তির সামনে ভারত কখনো মাথা নত করেনি আর কোনদিনও করবেও না। আর এই কথাটা আমি জোর দিয়ে বলতে পারছি শুধুমাত্র আপনাদের জন্য। আমি আপনাদের প্রণাম জানাচ্ছি। সেই সঙ্গে আপনাদের জন্মদাত্রী বীর মায়েদেরও প্রণাম জানাচ্ছি।”
সেই সঙ্গে তিনি জওয়ানদের জানিয়েছেন যে, ১৩০ কোটি ভারতবাসী এই জওয়ানদের নিয়ে গর্বিত। ভারতের এই বিরত্ব দেখে পৃথিবীর অনেক দেশই অবাক হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। এমনকি কীভাবে ভারতীয় জওয়ানরা সেই কাজ করলেন, তাঁদের কীভাবে প্রশিক্ষণ হয়েছে, তাও অনেক দেশ জানতে চাইছে বলে মন্তব্য করেন মোদী।






