বিজেপি সরকারের দ্বিতীয় দফার বর্ষপূর্তি আজ। আর মোদী জমানার দ্বিতীয় দফার এক বছর পূর্তিতে দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস প্রতিরোধে ভারত সাফল্যের সঙ্গে জয়ের রাস্তায় এগোচ্ছে বলেই চিঠিতে বার্তা দিলেন নরেন্দ্র মোদী৷ একই সঙ্গে চিঠি স্থান দিয়েছেন পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথাও।
https://twitter.com/ani_digital/status/1266542541110947840?s=20
তিনি লিখেছেন, এমনিতে তিনি মানুষের মধ্যে থাকতেই পছন্দ করেন৷ কিন্তু করোনা ভাইরাস ও দেশজুড়ে লকডাউনের জেরে চিঠি লিখতে বাধ্য হলেন৷ প্রধানমন্ত্রীর ভাষায় ‘কেন্দ্রের গত এক বছরে কিছু ঐতিহাসিক সিদ্ধান্তের জেরে দেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে৷ বহু চ্যালেঞ্জ, কঠিন পরিস্থিতি রয়েছে৷ তা সত্ত্বেও ভারত এগিয়ে চলেছে৷’
মোদী লিখছেন, ‘আমি দিন-রাত কাজ করি৷ আমার মধ্যে কিছু ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের দেশের কোনও ঘাটতি নেই৷ আমার আপনাদের উপর বিশ্বাস আছে, আপনাদের ক্ষমতা ও যোগ্যতা আমার চেয়ে অনেক বেশি৷’
https://twitter.com/narendramodi/status/1266585512682221572?s=20
তিনি আরও বলেন, করোনা ভাইরাস ঠেকাতে গোটা বিশ্ব একজোট হয়ে কাজ করছে৷ তারই মধ্যে আর্থিক সংস্কারে ভারতের অগ্রগতিতে বিশ্বকে চমকে দিচ্ছে আমাদের দেশ৷ পরিযায়ী শ্রমিকদের নিয়ে মোদি লিখেছেন, ‘আমাদের শ্রমিকরা, পরিযায়ী শ্রমিকরা, ক্ষুদ্র শিল্পের কর্মী, কারিগর, হকার-সহ আমার দেশের একাংশের মানুষ খুব কষ্টের মধ্যে রয়েছেন৷ আমরা তাঁদের সমস্যা থেকে মুক্তি দিতে একসঙ্গে কাজ করছি৷’
ভারতবাসীর প্রতি তাঁর উক্তি, ‘প্রত্যেক ভারতবাসীকেই গাইডলাইন মেনে চলা দরকার৷ মানুষ এখনও পর্যন্ত ধৈর্য রেখেছেন, পরেও রাখবেন বলে আমার বিশ্বাস৷ ঠিক এই কারণেই ভারত আজ অন্য অনেক দেশের চেয়ে ভালো জায়গায় রয়েছে৷ এটি একটি দীর্ঘ লড়াই৷ কিন্তু আমরা জয়ের পথেই এগোচ্ছি৷ আমাদের সঙ্ঘবদ্ধ ভাবে কাজেই জয় আসবে৷’
করোনা ভাইরাস পরবর্তী যুগ প্রসঙ্গে মোদী বলেন, একটি প্রশ্ন গোটা বিশ্বে ঘুরছে, কী ভাবে এই আর্থিক বিপর্যয় থেকে ভারত-সহ বিশ্ব ঘুরে দাঁড়াবে? তিনি জানিয়েছেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভারত৷ আর্থিক ভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রেও গোটা বিশ্বের কাছে উদাহরণ হতে চলেছে ভারত৷’ আত্মনির্ভর ভারত অভিযানের কথা স্মরণ করিয়ে মোদীর খোলা চিঠি, ‘আমাদের নিজেদের যোগ্যতা ও শক্তিতে এগিয়ে যেতে হবে৷ এটা আমাদের নিজেদের পথ৷ একটাই পথ, আত্মনির্ভর ভারত৷’
সম্প্রতি ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা সম্পর্কে মোদী লিখেছেন, ‘এই উদ্যোগের উপকার পাবেন প্রতিটি ভারতবাসী৷ আমাদের কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও স্টার্ট-আপ চালু করা যুব সম্প্রদায়৷’





