দেশে দারিদ্র দূর করতে বড় পদক্ষেপ করেছে মোদী সরকার। গতকাল, সোমবার এক সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে দেশের জনগণকে দারিদ্র সীমা থেকে বের করে আনার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কীভাবে তা সম্ভব হল, এদিন তাও জানালেন তিনি।
কী বলেছেন প্রধানমন্ত্রী?
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি রিপোর্টের উল্লেখ করে বলেন, “ভারতে গরিবি সিঙ্গল ডিজিটে পৌছে গিয়েছে। বিগত এক দশকে কনজামশন দেড় গুণ বেড়েছে অর্থাৎ মানুষের বিভিন্ন পণ্য ও পরিষেবা গ্রহণের ক্রয় ক্ষমতা বেড়েছে। গ্রামের মানুষের আর্থিক সামর্থ্য বাড়ছে। ২০১৪ সালের পর থেকে আমাদের সরকার গ্রামকে নজরে রেখে পরিকাঠামো তৈরি করেছে। গ্রাম ও শহরের মধ্যে সংযোগ তৈরি করা হয়েছে। মহিলাদের আয় বাড়ানো হয়েছে। ভারতে প্রথমবার খাবারের উপরে খরচ ৫০ শতাংশের কম হয়েছে। অর্থাৎ আয়ের ৫০ শতাংশই শুধু পরিবারের মুখে অন্ন জোগাতে খরচ হচ্ছে না, তারা অন্য ক্ষেত্রেও খরচ করতে পারছেন”।
প্রধানমন্ত্রী কথায়, “এতদিন আমরা শুধু গরিবি হটাও স্লোগান শুনেছিলাম, বিগত ১০ বছরে আমরা ২৫ কোটি মানুষকে দারিদ্রসীমা থেকে বের করে এনেছি। আমাদের সরকারই এই কাজ করেছে”।
এদিন সরকারের কাজের খতিয়ান দিয়েও তিনি বলেন, “আমাদের বিশ্বের নেতৃত্ব দিতে হবে। প্রতিদিন দেশে হওয়া উন্নয়নরকাজ এই শক্তি জোগাচ্ছেে। ভারতে প্রতিদিন ২টো করে কলেজ খুলেছে। প্রতি সপ্তাহে একটা নতুন বিশ্ববিদ্যালয় খুলেছে। প্রতিদিন ৫৫ পেটেন্ট, ৬০০ ট্রেডবার রেজিস্টার করা হয়েছে। প্রতিদিন দেড় লক্ষ মুদ্রা লোন দেওয়া হয়েছে, ৩৭টি নতুন স্টার্টআপ শুরু হয়েছে। ভারতে প্রতিদিন ১৪ কিমি রেলওয়ে ট্রাক তৈরি করা হচ্ছে, ৫০ হাজার এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। প্রতি সেকেন্ডে একটি বাড়িতে জলের লাইনের সংযোগ দেওয়া হয়েছে। প্রতিদিন ৭৫ হাজার মানুষকে গরিবি থেকে বের করে আনা হয়েছে”।






