সোমবার জানিয়েছেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন এবার থেকে ডিজিটাল রেশন কার্ড না থাকলেও পাওয়া যাবে রেশন। সেইসঙ্গে তিনি জানিয়েছেন এই ব্যাপারে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি জারি করতে চলেছে খাদ্য দফতর।
লকডাউন শুরুর হওয়ার পর থেকেই বিপদে পড়েন ডিজিটাল রেশন কার্ড নেই এমন বহু গরিব মানুষ। তাঁদের দাবি ছিল, এমনিতেই খাটতে খাটতে কখন দিন কেটে যায় টের পাই না। তার ওপরে ডিজিটাল রেশন কার্ড করার সময় হয়নি। অনেকের অভিযোগ, আবেদন করেও ডিজিটাল রেশন কার্ড পাননি তাঁরা। এঁদের মধ্যে বহু পরিবারের ভরসা একমাত্র ত্রাণের খাদ্যশস্য।
গত শনিবার এই দুরাবস্থার চিত্রটি প্রকাশ্যে আসে যখন অভিনেতা-সাংসদ দেবের জ্যাঠতুতো দাদার পরিবারের অনাহারে থাকার খবরটি প্রকাশ পায়। ডিজিটাল রেশন কার্ড নেই সাংসদের আত্মীয়ের পরিবারটিরও তাই রেশনের চাল পাননি তাঁরা।
এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসল সরকার। সোমবার খাদ্যমন্ত্রী জানান, ‘যাদের পুরনো রেশন কার্ড রয়েছে কিন্তু ডিজিটাল রেশন কার্ড নেই তাঁরাও যাতে বিনামূল্যে রেশন পান তা নিশ্চিত করতে নির্দেশিকা জারি হবে। তার পর থেকে তাঁরাও মাথাপিছু ৫ কিলোগ্রাম করে চাল পাবেন।’
সরকার এই নির্দেশিকা জারি করলে লকডাউনে বহু পরিবারের অন্ন সংস্থানের দুশ্চিন্তা কমবে বলে অনুমান বিশেষজ্ঞদের।





