ফের গ্রেফতার আল কায়দা জঙ্গি। উত্তরপ্রদেশের সাহারানপুরের মান্ডি থানা এলাকা থেকে জঙ্গি সন্দেহে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের আধিকারিকরা গ্রেফতার করলেন হাসনাত শেখ নামের এক যুবককে। জানা গিয়েছে, ওই যুবকের আসল বাড়ি মালদহের কালিয়াচকের সুজাপুরে।
উত্তরপ্রদেশে পড়াশোনা করতে গিয়েছিল ওই যুবক। তখনই আল কায়দা জঙ্গি সংগঠন ‘আকিস’ মগজ ধোলাই করে তার। এর আগে কলকাতা পুলিশ গ্রেফতার করে বাংলাদেশি আকিস জঙ্গি ফয়জল আহমেদ ওরফে শাহিদ মজুমদারকে। তাকে জেরা করেই সন্ধান মেলে হাসনাতের।
গতকাল, বুধবার হাসনাতকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। আগামী ২০শে সেপ্টেম্বর পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। গোয়েন্দাদের সন্দেহ, হাসনাতের বাংলাদেশে যাতায়াত ছিল। নানান জেলায় মডিউল তৈরির চেষ্টা করা হয়। পুলিশের মতে, এমন অনেক তরুণ ও যুবকদের মগজধোলাই করে তাদের জঙ্গি সংগঠনে নিয়োগ করা হচ্ছে।
এর আগে গত ৩রা সেপ্টেম্বর দেশবিরোধী কাজের অভিযোগে মুম্বই থেকে রাজ্য পুলিশের এসটিএফের হাতে এক যুবক গ্রেফতার হয়। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রের খবর অনুযায়ী, জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয় সমীর হোসেন শেখকে। তার বয়স ৩০ বছর। ডায়মন্ড হারবার থানার দেউলপোতা এলাকার বাসিন্দা সমীর।
জানা যায় যে সে বর্ধমানের মাদ্রাসায় পড়শোনা করত। পরবর্তীতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পড়াশোনা শেষ করে ডায়মন্ড হারবার থানার আবদালপুরের একটি মসজিদে ইমামতি করত সমীর। জানা গিয়েছে, সেই ইমমতির আড়ালেই জঙ্গিমূলক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়ে সমীর। আল কায়দার শাখা সংগঠন কোয়াতুল হিন্দের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল সে।
সেই ঘটনার রেশ এখনও কাটে নি। আর এরই মধ্যে উত্তরপ্রদেশ থেকে আল কায়দা জঙ্গি সন্দেহে ধৃত বাংলার আরও এক যুবক। জঙ্গি গোষ্ঠীর হয়ে হাসনাত ঠিক কী কাজ করত, তার কী ভূমিকা ছিল, সেসব খতিয়ে দেখছে পুলিশ।





